৫৬ জনকে আসামি করে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাইয়ে যুবলীগের নেতা মো. মহিউদ্দীনকে কুপিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে।
মহিউদ্দীনের ছোট ভাই মো. ফিরোজ গত রোববার রাতে ৫৬ জনকে আসামি করে মিরসরাই থানায় হত্যা মামলা করেন। আসামিদের মধ্যে ৩১ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ২৫ জনকে। মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
মিরসরাই থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, মামলার আসামিরা বিএনপি ও জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত। পুলিশ এরই মধ্যে আসামি সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে।
রোববার রাতে উপজেলার হাইতকান্দি ইউনিয়নের মহালঙ্কা গ্রাম থেকে সাইফুলকে গ্রেপ্তার করা হয়।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ভুইয়া বলেন, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
তদন্তের স্বার্থে আসামিদের নাম জানাতে অস্বীকৃতি জানান ওসি। তবে পুলিশের একটি সূত্র জানায়, মামলার আসামিদের মধ্যে প্রথম তিনজন হলেন মো. রিপন, আনু আহমদ ও আলী আহমদ।
মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও হাইতকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, তাঁরা এখন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে দলকে চাঙা করার চেষ্টা করছেন। যাতে বিএনপি-জামায়াত আর কোনো নাশকতা কিংবা হামলা চালাতে না পারে।
এদিকে তাঁদের পরিবারকে কেউ সহায়তা করেনি বলে অভিযোগ করেছেন মহিউদ্দীনের ছোট ভাই মো. টিপু। তিনি প্রথম আলোকে বলেন, টাকাপয়সা যা ছিল সবই পুড়ে গেছে। কিন্তু এখনো পর্যন্ত কেউ তাঁদের সহায়তা করেনি। ঘর পুড়ে যাওয়ার পর তাঁরা ভাড়া বাসায় উঠেছেন।
গত শনিবার দিবাগত রাতে দুর্বৃত্তরা মিরসরাইয়ের হাইতকান্দি ইউনিয়নের জগদীশপুর চরপুকুরিয়া গ্রামে যুবলীগের নেতা মো. মহিউদ্দীনকে কুপিয়ে ও পুড়িয়ে হত্যা করে। এ সময় মহিউদ্দীনের বসতঘর পুড়িয়ে দেওয়া হয়। একই সময় আওয়ামী লীগের দুই নেতা-কর্মীর বাড়িতে ভাঙচুর চালানো হয়। দুর্বৃত্তদের হামলায় আহত হন পাঁচজন।