ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা একরামুল হক হত্যা মামলায় ৫৬ জন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র আদালত গ্রহণ করেছেন। অভিযুক্ত আসামিদের একজন বিএনপির। অন্যরা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মী।
গতকাল বুধবার ফেনী সদর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আলমগীর মোহাম্মদ ফারুকী অভিযোগপত্র গ্রহণ করেন। তিনি জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির (আদেল) ও ফেনী পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক জিয়াউল আলমসহ (মিস্টার) পলাতক ২৬ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ারা জারি করেন।
এর আগে গত ২৮ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক আবুল কালাম আজাদ ৫৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। দীর্ঘ আড়াই মাস পর গতকাল অভিযোগপত্র গ্রহণের ওপর শুনানি হয়।
আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা (জিআরও) মো. আমির হোসেন প্রথম আলোকে জানান, শুনানির সময় গ্রেপ্তার থাকা ৩০ আসামির মধ্যে ২৯ জনকে আদালতে হাজির করা হয়। অপর আসামি ফেনী জেলা জাতীয়তাবাদী তাঁতী দলের আহ্বায়ক মাহতাব উদ্দিন ওরফে মিনার চৌধুরী অসুস্থ। তিনি ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন আছেন।
এ ছাড়া গ্রেপ্তার থাকা পাঁচজনকে অভিযোগপত্রে অব্যাহতি দেওয়ার আবেদন করা হয়। আদালত তাঁদের মামলা থেকে অব্যাহতি দেন। তিনজন আসামির পক্ষে জামিন আবেদন করা হলেও আদালত তা নামঞ্জুর করেন।
গত ২০ মে বেলা ১১টার দিকে ফেনী শহরের একাডেমি এলাকায় দুর্বৃত্তরা ফুলগাজী উপজেলার চেয়ারম্যান একরামের গাড়ির গতিরোধের পর তাঁকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে। এরপর গাড়িসহ তাঁকে পুড়িয়ে ফেলা হয়।
এ ঘটনায় একরামের ভাই রেজাউল হক বাদী হয়ে মামলা করেন। মামলার এজাহারে বিগত উপজেলা নির্বাচনে একরামের প্রতিদ্বন্দ্বী ও বিএনপির নেতা মিনার চৌধুরীসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়।