৫৬ পৌরসভায় দলীয় মনোনয়ন ফরম দিচ্ছে আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগ

নির্বাচন কমিশনের (ইসি) তফসিল অনুসারে চতুর্থ ধাপে ৫৬টি পৌরসভায় ভোট গ্রহণ করা হবে আগামী ১৪ ফেব্রুয়ারি। এসব পৌরসভায় মেয়র পদে নৌকার মনোনয়নপ্রত্যাশীদের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহের আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ। আগামীকাল মঙ্গলবার থেকে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ফরম বিতরণ শুরু হচ্ছে।

আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আওয়ামী লীগ। এতে বলা হয়, ৫ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন আগ্রহীরা। ওই সময় বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে মনোনয়ন ফরম বিতরণ ও জমার কাজ। সংশ্লিষ্ট জেলা, উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পাঠানো প্রস্তাবিত প্রার্থী তালিকায় যাঁদের নাম আছে, তাঁরা মনোনয়ন ফরম কিনতে পারবেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আবেদনপত্র সংগ্রহের সময় প্রার্থীকে অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে। স্বাস্থ্যবিধি মেনে কোনো ধরনের লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন।

এর আগে গতকাল রোববার ঘোষিত ইসির তফসিল বলছে, এসব পৌরসভায় মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ১৭ জানুয়ারি পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ১৯ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৬ জানুয়ারি। ৫৬টি পৌরসভার মধ্যে ৩১টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এবং ২৫টিতে কাগজের ব্যালটে ভোট গ্রহণ করা হবে। ভোট হবে সকাল আটটা থেকে টানা বিকেল চারটা পর্যন্ত।

চতুর্থ ধাপে যেসব পৌরসভায় ভোট হবে, সেগুলো হলো ঠাকুরগাঁও সদর ও রানীশংকৈল; রাজশাহীর নওহাটা, গোদাগাড়ী ও তাহেরপুর; লালমনিরহাট সদর ও পাটগ্রাম; নরসিংদী সদর ও মাধবদী; রাজবাড়ী সদর ও গোয়ালন্দ; বরিশালের মুলাদী ও বানারীপাড়া; শেরপুর সদর ও শ্রীবরদী; চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ; নাটোর সদর ও বড়াইগ্রাম; খাগড়াছড়ির মাটিরাঙ্গা, বান্দরবান সদর; বাগেরহাট সদর; সাতক্ষীরা সদর; হবিগঞ্জের চুনারুঘাট; কুমিল্লার হোমনা ও দাউদকান্দি; চট্টগ্রামের সাতকানিয়া, চন্দনাইশ ও পটিয়া; কিশোরগঞ্জের বাজিতপুর, হোসেনপুর ও করিমগঞ্জ; টাঙ্গাইলের গোপালপুর ও কালিহাতী; পটুয়াখালীর কলাপাড়া; চুয়াডাঙ্গার জীবননগর ও আলমডাঙ্গা; ফেনীর পরশুরাম; চাঁদপুরের কচুয়া ও ফরিদগঞ্জ; মাদারীপুরের কালকিনি; নেত্রকোনা সদর; যশোরের চৌগাছা ও বাঘারপাড়া; রাঙামাটি সদর; মুন্সিগঞ্জের মীরকাদিম; শরীয়তপুরের ডামুড্যা; জামালপুরের মেলান্দহ; ময়মনসিংহের ফুলপুর; জয়পুরহাটের আক্কেলপুর ও কালাই; নোয়াখালীর চাটখিল; ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া; লক্ষ্মীপুরের রামগতি; ফরিদপুরের নগরকান্দা এবং সিলেটের কানাইঘাট।

ইতিমধ্যে প্রথম ধাপে ২৪টি পৌরসভায় ভোট হয়েছে। ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপের ও ৩০ জানুয়ারি তৃতীয় ধাপের ভোট অনুষ্ঠিত হবে।