৫৬ মামলার তদন্তে ছয় কর্মকর্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসিক ব্যাংক জালিয়াতির ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা ৫৬টি মামলা তদন্ত করবেন সংস্থাটির ছয় কর্মকর্তা। শিগগিরই তদন্ত শুরু হবে।

দুদক আইন অনুযায়ী, মামলার আগের কার্যক্রমকে বলা হয় ‘অনুসন্ধান’; আর মামলার পরবর্তী কার্যক্রমকে ‘তদন্ত’ বলা হয়। দুদক সূত্র জানিয়েছে, মামলার তদন্তের সময়ে আইনগতভাবেই তদন্তকারী কর্মকর্তা ব্যাপক ক্ষমতা পান। মামলার প্রয়োজনে আসামিদের গ্রেপ্তার, জিজ্ঞাসাবাদসহ প্রয়োজনীয় নথিপত্র জব্দ করা হতে পারে।
দুদকের একজন পদস্থ কর্মকর্তা প্রথম আলোকে জানিয়েছেন, তিন উপপরিচালক, একজন সহকারী পরিচালক ও দুজন উপসহকারী পরিচালককে তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে কমিশন। তাঁরা হলেন উপপরিচালক মোরশেদ আলম, মো. ইব্রাহিম ও ঋত্বিক সাহা; সহকারী পরিচালক শামসুল আলম এবং উপসহকারী পরিচালক ফজলে হোসেন ও মুহাম্মদ জয়নাল আবেদীন। তদন্ত তদারককারী কর্মকর্তা হিসেবে রয়েছেন পরিচালক নুর আহমেদ ও উপপরিচালক সৈয়দ ইকবাল হোসেন।
বেসিক ব্যাংকের অর্থ লোপাটের ঘটনা দীর্ঘ অনুসন্ধান শেষে গত ২১,২২ ও ২৩ সেপ্টেম্বর রাজধানীর মতিঝিল, পল্টন ও গুলশান থানায় ৫৬টি মামলা করে দুদক। সাড়ে চার হাজার কোটি টাকার জালিয়াতির অভিযোগ থাকলেও ৫৬টি মামলায় প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই ব্যাংকের সংশ্লিষ্ট শাখার ব্যবস্থাপক, ঋণদান কমিটির সদস্য, প্রধান কার্যালয়ের ঋণ যাচাই কমিটির প্রধান ও ব্যবস্থাপনা পরিচালককে দায়ী করা হয়েছে অনিয়মের মাধ্যমে ঋণ দেওয়ার অভিযোগে। আসামি করা হয়েছে ১২০ জনকে। এর মধ্যে বেসিক ব্যাংকের কর্মকর্তা ২৭ জন, ঋণগ্রহীতা ৫৪টি প্রতিষ্ঠানের ৮২ জন ও বেসরকারি সার্ভেয়ার ১১ জন।
ব্যাংকের সাবেক এমডি কাজী ফখরুল ইসলামকে আসামি করা হয়েছে ৪৮টি মামলায়। বর্তমান ডিএমডি ফজলুস সোবহান ৪৭টি, কনক কুমার পুরকায়স্থ ২৩টি, মো. সেলিম ৮টি, বরখাস্ত হওয়া ডিএমডি এ মোনায়েম খান ৩৫টি মামলায় আসামি হয়েছেন।
অথচ এ কেলেঙ্কারির ঘটনায় জড়িত হিসেবে সবচেয়ে বেশি উচ্চারিত হয়েছে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চুর নাম। বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয়সহ অধিকাংশ প্রতিবেদনে আবদুল হাইয়ের সংশ্লিষ্টতার কথা উঠে আসে। অর্থমন্ত্রী বেসিক ব্যাংকে ‘হরিলুটের’ পেছনে আবদুল হাই জড়িত বলে উল্লেখ করেছিলেন। জাতীয় সংসদেও এ বিষয়ে আলোচনা হয়েছে। সংসদীয় কমিটিতেও এ জন্য ক্ষোভ প্রকাশ করেছিলেন কমিটির সদস্যরা। কিন্তু তাঁকে কোনো মামলাতেই আসামি করা হয়নি।
জানতে চাইলে দুদকের কমিশনার (তদন্ত) মো. সাহাবুদ্দিন প্রথম আলোকে বলেন, অনুসন্ধানের সময় আসামি হওয়ার মতো কেউ যদি বাদ পড়ে যান, তদন্তকালে তাঁকেও আইনের আওতায় নিয়ে আসার সুযোগ রয়েছে। এ সময় বিস্তারিত বিশ্লেষণ করে তদন্ত কর্মকর্তারা তাঁদের আইনি ক্ষমতা প্রয়োগ করবেন এবং পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন উপস্থাপন করবেন।
দীর্ঘদিন ‘কার্যত’ বন্ধ থাকার পর চলতি বছরের জুলাই মাসে বেসিক ব্যাংকের জালিয়াতির ঘটনা অনুসন্ধানে সক্রিয় হয় দুদক। জাতীয় সংসদের বাজেট অধিবেশনে বেসিক ব্যাংক নিয়ে আলোচনা এবং ৭ জুলাই সচিবালয়ে অর্থমন্ত্রীর বক্তব্যের পর থেকে দুদক অনেকটাই নড়েচড়ে বসে। অনুসন্ধান-প্রক্রিয়া শেষ করে দ্রুত প্রতিবেদন দেওয়ার জন্য কমিশনের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয় অনুসন্ধান দলকে। উপপরিচালক ইকবাল হোসেনের নেতৃত্বে চার সদস্যের একটি দল এ ঘটনার অনুসন্ধান করে কমিশনে প্রতিবেদন জমা দেয়। সে ধারাবাহিকতায় কমিশন গত ৮ সেপ্টেম্বর ৫৬টি মামলার অনুমোদন দেয়।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, ২০০৮ সালের ডিসেম্বরে বেসিক ব্যাংকের মোট বিতরণ করা ঋণের পরিমাণ ছিল ২ হাজার ৭০০ কোটি টাকা। ২০১৩ সালের মার্চে তা দাঁড়ায় ৯ হাজার ৩৭৩ কোটি টাকা। ওই চার বছর তিন মাসে ব্যাংকটি ৬ হাজার ৬৭৩ কোটি টাকা ঋণ দেয়, যার প্রায় সাড়ে চার হাজার কোটি টাকাই নিয়ম ভেঙে দেওয়া হয়েছে।