৫৬ মামলায় মোট আসামি ১৫৬ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেসিক ব্যাংকে কেলেঙ্কারি
বেসিক ব্যাংকে কেলেঙ্কারি

বেসিক ব্যাংকের অর্থ লোপাটে প্রথম পর্যায়ের কার্যক্রম শেষ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তিন দিনে ৫৬টি মামলা করেছেন দুদকের অনুসন্ধান দলের সদস্যরা। দুদক সূত্র জানিয়েছে, ঈদের পরেই তদন্ত কর্মকর্তা নিয়োগ করে এসব মামলার পরবর্তী কার্যক্রম শুরু করবে সংস্থাটি।
গতকাল বুধবার রাজধানীর মতিঝিল, পল্টন ও গুলশান থানায় ১৫টি মামলা করে দুদক। এতে প্রায় ৫৮৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। আসামি করা হয়েছে ৫৩ জনকে। এর মধ্যে বেসিক ব্যাংকের কর্মকর্তা ২০ জন, ঋণগ্রহীতা ১৪টি প্রতিষ্ঠানের ২৮ এবং সার্ভে প্রতিষ্ঠানের পাঁচজন রয়েছেন।
এসব মামলায়ও নেই ব্যাংকটির সাবেক চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চুর নাম। তবে ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি)
কাজী ফখরুল ইসলাম ও ডিএমডি ফজলুস সোবহান বেশির ভাগ মামলার আসামি।
বেসিক ব্যাংকের সাড়ে চার হাজার কোটি টাকা জালিয়াতির মাধ্যমে আত্মসাতের অভিযোগ অনুসন্ধান শেষে তিন দিনে মোট ৫৬টি মামলা করল দুদক। এর আগে সোমবার ১৮টি এবং মঙ্গলবার ২৩টি মামলা করে সংস্থাটি। ৫৬টি মামলায় মোট ২ হাজার ৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
৫৬ মামলায় মোট আসামি ১৫৬ জন। এঁদের মধ্যে বেসিক ব্যাংকের কর্মকর্তা ২৬ জন। ঋণগ্রহীতা ৫৪ প্রতিষ্ঠানের ৯২ জন এবং সার্ভে প্রতিষ্ঠানের ১০ জনকে আসামি করা হয়েছে। ব্যাংকার ও ঋণগ্রহীতাদের অনেকেই একাধিক মামলায় আসামি হয়েছেন।
ব্যাংকের সাবেক এমডি কাজী ফখরুল ইসলামকে আসামি করা হয়েছে ৪৮টি মামলায়। বর্তমান ডিএমডি ফজলুস সোবহান ৪৭টি, কনক কুমার পুরকায়স্থ ২৩টি, মো. সেলিম ৮টি, বরখাস্ত হওয়া ডিএমডি এ মোনায়েম খান ৩৫টি মামলায় আসামি হয়েছেন।
গতকাল বুধবার করা ১৫টির মধ্যে ১৪টিতেই আসামি করা হয়েছে কাজী ফখরুল ইসলামকে। ডিএমডি ফজলুস সোবহান ১৩টি, কনক কুমার পুরকায়স্থ পাঁচটি, মো. সেলিম চারটি, এ মোনায়েম খান নয়টি এবং সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ মঞ্জুর মোরশেদ আসামি হয়েছেন দুটি মামলায়।
এ ছাড়া শান্তিনগর শাখার সাবেক শাখাপ্রধান মোহাম্মদ আলী পাঁচটি, গুলশান শাখার সাবেক শাখাপ্রধান শিপার আহমেদ তিনটি, সাবেক শাখা ব্যবস্থাপক এস এম ওয়ালিউল্লাহ দুটি, সাবেক ক্রেডিট ইনচার্জ এস এম জাহিদ হাসান চারটি ও প্রধান কার্যালয় ক্রেডিট কমিটির সাবেক জি এম খন্দকার শামীম হাসান দুটি মামলায় আসামি হয়েছেন।
দিলকুশা শাখার সাবেক শাখাপ্রধান গোলাম ফারুক খান ও সাবেক কর্মকর্তা পলাশ দাশগুপ্ত দুটি করে, প্রধান শাখার সাবেক শাখা প্রধান জয়নাল আবেদীন চৌধুরী তিনটি, উমর ফারুক একটি, সহকারী মহাব্যবস্থাপক আবদুস সাত্তার খান দুটি, সাবেক ক্রেডিট ইনচার্জ আবদুস সবুর একটি, জিএম কোরবান আলী দুটি এবং শান্তিনগর শাখার ক্রেডিট ইনচার্জ সরোয়ার হোসেনকে একটি মামলায় আসামি করা হয়েছে।
নতুন করে আসামি হয়েছেন ব্যাংকের নীলফামারী শাখার সাবেক ব্যবস্থাপক ইকরামুল বারী। তাঁকে আসামি করা হয়েছে দুটি মামলায়।
ঋণগ্রহীতা ১৪টি প্রতিষ্ঠানের ২৮ জনকে আসামি করা হয়েছে এসব মামলায়। কয়েকজনকে একাধিক মামলায় আসামি করা হয়। নীল সাগর এগ্রো ও পারুমা ইঞ্জিনিয়ারিংয়ের আহসান হাবিবের বিরুদ্ধে করা হয়েছে তিনটি মামলা। এমারেল্ড ব্রিকস ও কোল্ডস্টোরেজের মাহবুবুল গনি, সৈয়দ হাসিবুল গনি, আবদুস শাফি, এনামুল গণি ও রেজাউল গণিকে দুটি করে মামলার আসামি করা হয়েছে। এমারেল্ড ব্রিকসের সুলতান আহমেদ, সারোয়ার জাহান ও শামীম আহমেদ এবং কোল্ডস্টোরেজের মারহাবুল গণি ও হাসান আল-আরাফাহ্ একটি করে মামলায় আসামি হয়েছেন।
এ ছাড়া একটি করে মামলায় আসামি হয়েছেন রুদ্র কোল্ডস্টোরেজের মীর আবদুল মুহাইমেন, আশরাফ আলী ও কহিনুর সুলতানা, আজবিহা এগ্রোর মারূফ জামান ও সাহেরা বানু, আরআই এন্টারপ্রাইজের ফখরুল আলম, ডায়নামিক ট্রেডিংয়ের আবুল কালাম মো. আবু রায়হান, নাহার গার্ডেনের সাইফুল ইসলাম ও আকরাম হোসেন, সুরমা স্টিলের মহিউদ্দিন শেখ, আর কে ফুডসের আবদুল কুদ্দুস, রানী বেগম, কামরুল হাসান ও রাশেদুল হাসান সুমন, ফার্স্ট অ্যান্ড বেস্ট ট্রেডার্স ইম্পেক্সের জাবির হোসেন, বি আলম শিপিংয়ের বশিরুল আলম এবং আজাদ ট্রেডিংয়ের রায়হান আজাদ টিটুকে।
সার্ভে প্রতিষ্ঠান বিডিএসের ইবনে মোফাজ্জল চারটি, এসডি সার্ভের ইকবাল হোসেন পাঁচটি ও মো. ফারুক তিনটি মামলায় আসামি হয়েছেন। রূপসা সার্ভেয়ারের জহিরুল ইসলাম ও ইউনিক সার্ভিসের সিরাজুল ইসলামকে একটি মামলায় আসামি করা হয়।