
নারায়ণগঞ্জের চাষাঢ়ায় আওয়ামী লীগের কার্যালয়ে শক্তিশালী বোমা হামলায় ২০ জন নিহত হওয়ার ঘটনার ১৫ বছর পূর্তি আজ।
চাঞ্চল্যকর এই ঘটনায় করা দুটি মামলার বিচার চলছে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ও ২ নম্বর বিশেষ ট্রাইব্যুনালে। ২০১৪ সালের ২৩ ফেব্রুয়ারি বিচারকাজ শুরু হয়। অভিযোগপত্রে ৫৬ জন সাক্ষী থাকলেও ২৮ মাসে মাত্র একজন সাক্ষী, মামলার বাদী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা সাক্ষ্য দিয়েছেন। সাক্ষীদের বেশির ভাগই স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত। দীর্ঘ ১৫ বছরেও হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন না হাওয়ায় নিহত ব্যক্তিদের পরিবার ও আহত ব্যক্তিদের অনেকে হতাশা ব্যক্ত করেছেন।
২০০১ সালের ১৬ জুন রাত আনুমানিক পৌনে নয়টার দিকে নগরীর কেন্দ্রস্থল চাষাঢ়ায় আওয়ামী লীগ কার্যালয়ে সাংসদ শামীম ওসমানের পূর্বনির্ধারিত গণসংযোগ কর্মসূচি চলাকালে শক্তিশালী একটি বোমা বিস্ফোরণে ২০ জন নিহত হন। নিহত ব্যক্তিরা হলেন সাইদুল হাসান বাপ্পী, আক্তার হোসেন, মোশারফ হোসেন মশু, নজরুল ইসলাম বাচ্চু, দেলোয়ার হোসেন ভাষানী, সাইদুর রহমান মোল্লা সবুজ, নজরুল ইসলাম, স্বপন চন্দ্র দাস, শওকত হোসেন মোক্তার, স্বপন দাস, এনায়েত উল্লাহ স্বপন, পলি বেগম, হালিমা বেগম, আবদুল আলীম, শুক্কুর আলী, নিধুরাম বিশ্বাস, রাজিয়া বেগম, আবদুস সাত্তার, আবু হানিফ নবী ও অজ্ঞাতপরিচয় এক নারী। নিহত এই নারীর পরিচয় আজও জানা যায়নি।
বিস্ফোরণের পর ঘটনাস্থল পরিদর্শনকারী সেনাবাহিনীর কর্মকর্তারা জানিয়েছিলেন, ট্যাংক উড়িয়ে দেওয়া মাইনের উপাদান দিয়ে বোমাটি বানানো হয়েছিল। আফগান যুদ্ধে এ ধরনের মাইন ট্যাংক উড়িয়ে দেওয়ার কাজে ব্যবহৃত হতো।
ঘটনার পরপরই মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা করেন নারায়ণগঞ্জ সদর মডেল থানায়। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) দুটি মামলায় অভিন্ন ছয়জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা শাহাদাৎউল্লাহ জুয়েল (র্যাবের সঙ্গে ‘ক্রসফায়ারে’ নিহত যুবদল নেতা মমিনউল্লাহ ডেভিডের ছোট ভাই), হরকাতুল জিহাদের (হুজি) নেতা মুফতি আবদুল হান্নান, হুজির সদস্য দুই ভাই আনিসুল মোরসালীন, মাহবুবুল মুত্তাকিন, নগরের উত্তর চাষাঢ়ার বাসিন্দা ওবায়দুল হক, সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর, নগর বিএনপির যুগ্ম সম্পাদক শওকত হাশেম শকু।
ছয় আসামির মধ্যে শাহাদাৎউল্লাহ জুয়েল ও মুফতি আবদুল হান্নান কারাগারে। দুই ভাই আনিসুল মোরসালীন, মাহবুবুল মুত্তাকিন বর্তমানে ভারতের কারাগারে বন্দী (দিল্লিতে জঙ্গি হামলার অভিযোগে তাঁদের আটক করা হয়)। ওবায়দুল হক পলাতক। তবে তাঁর ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে, তিনি অসুস্থ হয়ে বর্তমানে নিজের বাসায় শয্যাশায়ী। অপর আসামি কাউন্সিলর শওকত হাশেম শকু জামিনে রয়েছেন।
দুটি মামলার বিচারকাজ একসঙ্গে শুরু হয় ২০১৪ সালের ২৩ ফেব্রুয়ারি। রাষ্ট্রপক্ষে ৫৬ জন সাক্ষীর মধ্যে শুধু ১ জন, মামলার বাদী খোকন সাহা সাক্ষ্য দিয়েছেন। শুনানির পরবর্তী তারিখ আগামী ১৩ জুলাই।
বোমা হামলায় নিহত বেশির ভাগ ব্যক্তির পরিবার বর্তমানে নানা সংকটে দিন কাটাচ্ছে। ২০০৯ সাল থেকে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলেও নিহত ব্যক্তিদের পরিবার কোনো রাষ্ট্রীয় সহায়তা পায়নি। ২০ জনের স্মরণে সিটি করপোরেশন চাষাঢ়ায় শহীদ মিনারের মূল বেদির পাশে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করেছে; যেখানে ১৯ জন শহীদের নাম (অজ্ঞাতনামা নারী ছাড়া) উল্লেখ আছে। এই স্মৃতিস্তম্ভেই নিহত ১৬ জনের পরিবার ও আহত ব্যক্তিরা প্রতিবছর ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
বোমা হামলায় নিহত শহরের চাষাঢ়ার আক্তার হোসেনের স্ত্রী শাহানা আক্তার বলেন, গত ১৫ বছরেও এই হত্যাকাণ্ডের বিচার হয়নি। অবিলম্বে নৃশংস এ হত্যার বিচার দাবি করেন তিনি।
আওয়ামী লীগ কার্যালয়ে বোমা হামলা মামলার বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন নিহত মোশারফ হোসেন মশুর ছোট বোন নুরানী আক্তার।
সরকারি কৌঁসুলি (পিপি) ওয়াজেদ আলী খোকন বলেন, ‘আমি দায়িত্বে ৮ মাস যাবৎ। বিভিন্ন কারণে চাঞ্চল্যকর মামলা দুটির কার্যক্রম এগোয়নি। অন্যতম আসামি মুফতি হান্নান শতাধিক মামলার আসামি। নারায়ণগঞ্জ আদালতে শুনানির দিন মুফতি হান্নান অন্য মামলায় অন্য আদালতে হাজির থাকায় শুনানি পিছিয়ে যায়। আগামী দিনে সাক্ষ্যগ্রহণ যাতে যথাসময়ে সম্পন্ন করা যায়, সে জন্য রাষ্ট্রপক্ষ যথাসাধ্য চেষ্টা করবে।’