৫৭ কোটি টাকার মৎস্য অবতরণকেন্দ্র পড়ে আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে ৫৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত সরকারি মৎস্য অবতরণকেন্দ্রটি ফাঁকা পড়ে আছে। অস্বাস্থ্যকর পরিবেশে অবৈধ কেন্দ্রে চলছে মাছ কেনাবেচা। সরকার হারাচ্ছে কোটি টাকার রাজস্ব। রাজনৈতিক প্রভাবের কারণে মাছ ব্যবসায়ীদের সরকারি স্থাপনায় আনা সম্ভব হচ্ছে না।
মৎস্য উন্নয়ন করপোরেশনের বরিশাল কার্যালয় সূত্র জানায়, ১৯৮৫ সালে নগরের বান্দ সড়কে ৫৭ কোটি টাকা ব্যয়ে এক একর ২৩ শতাংশ জমির ওপর নির্মাণ করা হয় মৎস্য অবতরণকেন্দ্র। মাছ প্রক্রিয়াজাতকরণ এবং মাছের গুণগত মান রক্ষায় ট্রাক পার্কিং জোন, বরফকল, পানি সরবরাহসহ আনুষঙ্গিক সব ব্যবস্থা রয়েছে কেন্দ্রটিতে।
স্থানীয় সূত্রে জানা যায়, এরপর সরকারি কেন্দ্রটি চালু থাকলেও নব্বইয়ের দশকে কীর্তনখোলা নদীর চর ভরাট করে বেসরকারি উদ্যোগে একটি মৎস্য অবতরণকেন্দ্র গড়ে তোলা হয়। বিএনপি ও চারদলীয় জোট সরকারের আমলে এই কেন্দ্রটি চালু রাখার ক্ষেত্রে মৎস্য ব্যবসায়ীদের সহযোগিতা দেন বিএনপির মহানগর সভাপতি ও সাংসদ মজিবর রহমান সরোয়ার। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার কেন্দ্রটি চালু করে মাছ ব্যবসায়ীদের এখানে নিয়ে আসে। এরপর দুই বছরের জন্য কেন্দ্রটি চালু ছিল।
সরকারি মৎস্য অবতরণকেন্দ্রের অফিস সহকারী আবদুর রহমান বলেন, সব ধরনের সুযোগ-সুবিধা থাকার পরও এখান থেকে মৎস্য ব্যবসায়ীরা অবৈধ স্থাপনায় ফিরে গেছেন। মাছ ওঠানো-নামানোসহ কেন্দ্রটি চালু না থাকায় এখানকার কর্মকর্তা-কর্মচারীরা অলস সময় কাটাচ্ছেন। কেন্দ্রের সাবেক সহকারী বিপণন কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, অবতরণকেন্দ্রে শতকরা ১ ভাগ রাজস্ব দিতেন ব্যবসায়ীরা। বছরে রাজস্ব আদায় হতো প্রায় দেড় কোটি টাকা। ২০০৯ সালের ১৩ জুলাই তৎকালীন মেয়র শওকত হোসেনের সহযোগিতায় এই কেন্দ্র ছাড়েন ব্যবসায়ীরা।
গত ১৫ জুন সিটি করপোরেশন নির্বাচনে শওকত হোসেন পরাজিত হওয়ার পর ঈদুল ফিতরের আগে মৎস্য ব্যবসায়ী সমিতি সেখানে শহীদ জিয়া পাইকারি মৎস্য অবতরণকেন্দ্রের সাইনবোর্ড স্থাপন করে। বর্তমানে ওই নামে কেন্দ্রটি পরিচালিত হচ্ছে।
মৎস্য উন্নয়ন করপোরেশন বরিশালের ব্যবস্থাপক এ কে এম নূর মোহাম্মদ বলেন, সরকারি মৎস্য অবতরণকেন্দ্রটি আধুনিক মানসম্পন্ন। এখানে মাছ ওঠানো-নামানোয় মাছের গুণগত মান অক্ষুণ্ন থাকত। কিন্তু বর্তমানে বেসরকারি কেন্দ্রটির পরিবেশ নোংরা এবং মাছ প্রক্রিয়াজাতকরণের ব্যবস্থাও ভালো নয়। ব্যক্তিগত এবং রাজনৈতিক কারণে সরকারি কেন্দ্র ছেড়ে অস্বাস্থ্যকর পরিবেশে অবতরণকেন্দ্রটি নিয়ে যাওয়া হয়েছে। সরকারি কেন্দ্রটি চালু করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার চিঠি দিয়ে বলা হয়েছে।
বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র শওকত হোসেন বলেন, সরকারি মৎস্য অবতরণকেন্দ্রে জায়গা সংকটের কথা বলা হয়েছিল। তা ছাড়া সরকারি রাজস্ব দেওয়ার প্রতিশ্রুতিতে দ্বিতীয় কেন্দ্র হিসেবে এটি চালু করা হয়। তবে এটা কারও নামে করা হয়নি।
নগর বিএনপির সভাপতি ও সাংসদ মজিবর রহমান সরোয়ার বলেন, ওই চরে প্রথম দিকে শহীদ জিয়া মৎস্যকেন্দ্রের নামে কিছু জমি কেনা আছে। বাকিটা ব্যবসায়ীরা ভরাট করেছেন। তবে সরকার চাইলে এখান থেকে রাজস্ব আদায় করতে পারে।
বিআইডব্লিউটিএ বরিশালের নির্বাহী প্রকৌশলী এ জেড এম শাহনেওয়াজ কবীর বলেন, যেখানে বর্তমানে মাছের বাজার চলছে ওই জায়গা বিআইডব্লিউটিএর। ২০০৭ সালে সাবেক তত্ত্বাবধায়ক সরকার অবৈধ স্থাপনা ভেঙে দিলেও আবার ওই স্থাপনাগুলো তোলা হয়েছে।