টানা ৫৭ ঘণ্টা পর লাইটার জাহাজশ্রমিকেরা তাঁদের ধর্মঘট প্রত্যাহার করেছেন। গতকাল সোমবার রাত আটটায় ঢাকায় সচিবালয়ে নৌপরিবহনমন্ত্রীর সঙ্গে এক বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের নেতারা।
বৈঠক শেষে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আলম প্রথম আলোকে বলেন, ‘নৌপথে নিরাপত্তা নিশ্চয়তাসহ আমাদের সাত দফা দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন নৌমন্ত্রী। এই আশ্বাসের পরিপ্রেক্ষিতে আমরা কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছি।’
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, এমভি কর্ণফুলী-৫ লাইটার জাহাজের যেসব শ্রমিককে অপহরণ করা হয়েছে তাঁদের দ্রুত উদ্ধার ও অপহরণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বাড়ানো হবে নৌ-নিরাপত্তা। নিহত শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণও দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
এমভি কর্ণফুলী-৫ লাইটার জাহাজের চালক নুর নেওয়াজের লাশ গত রোববার রাতে উদ্ধার করেছে লক্ষ্মীপুরের রামগতি থানা পুলিশ। উপজেলার সেন্টার খাল মাছঘাটের অদূরে মেঘনা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে জাহাজটির মাস্টারসহ ছয়জন এখনো নিখোঁজ রয়েছেন।
এ ঘটনায় গ্রেপ্তার জাহাজটির শ্রমিক মো. পারভেজ গতকাল লক্ষ্মীপুর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। তিনি স্বীকার করেন, জাহাজের চালক নুর নেওয়াজ ও সুকানি শাফিনুর রহমানকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শ্রমিকদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে ঘটনা ঘটেছে বলে তিনি জানান।
গত শনিবার বেলা ১১টা থেকে সারা দেশের লাইটার জাহাজের শ্রমিকেরা কর্মবিরতি শুরু করেন। চট্টগ্রাম থেকে সিরাজগঞ্জের বাঘাবাড়ীর উদ্দেশে ছেড়ে যাওয়া একটি লাইটার জাহাজের মাস্টার, চালকসহ সাতজন নিখোঁজ হওয়ার জের ধরে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়। নদীপথে সন্ত্রাসী ও চাঁদাবাজির প্রতিকার না পাওয়া পর্যন্ত এই ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিল নৌযান শ্রমিক ফেডারেশন।
ধর্মঘটে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরসহ দেশের অন্যা ন্য নৌবন্দর ও ঘাটে অচলাবস্থার সৃষ্টি হয়েছিল।
গতকাল সন্ধ্যা পর্যন্ত বহির্নোঙরে ২৪টি বড় জাহাজ ও অন্যান্য বন্দরে ৬৩০টি লাইটার জাহাজ আটকা পড়ে। এসব জাহাজের মোট পণ্যের পরিমাণ ১৩ লাখ টন।