৫৭ ধারা অসাংবিধানিক সংশোধনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় সাংবাদিক প্রবীর সিকদারকে গ্রেপ্তারের ঘটনায় যে ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে, তার পটভূমিতে ক্ষমতাসীন দলের একজন শীর্ষস্থানীয় নেতা, মানবাধিকার সংগঠক এবং আইনবিশেষজ্ঞরা ওই আইনকে অসাংবিধানিক অভিহিত করে তা সংশোধনের আহ্বান জানিয়েছেন। তাঁরা বলেছেন, আইনের এই ধারাটি সুস্পষ্ট নয়। যে কারণে ধারাটির অপপ্রয়োগ হচ্ছে।
আইন ও বিচার মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত মঙ্গলবার প্রকাশ্যে এই আইনের সমালোচনা করায় গতকাল বুধবার প্রথম আলোর পক্ষ থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আইনে এই ধারাটি থাকলেও এর ব্যবহার ও প্রয়োগের বিষয়গুলো সুস্পষ্ট করা উচিত। নইলে এর অপব্যবহার অব্যাহত থাকবে।
আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেন, ‘তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের ৫৭ ধারা এতটাই অস্পষ্ট যে এই আইনে যখন-তখন যাকে-তাকে ধরা যাবে। আইনটি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। কারণ, সংবিধান আমাদের কথা বলার স্বাধীনতা দিয়েছে। ৫৭ ধারা তা হরণ করেছে। তাই আমরা চাই এই আইন বাতিল করা হোক। আর যদি রাখতেই হয়, সে জন্য বিধি তৈরি করে স্পষ্ট করা উচিত যে ধারাটি কীভাবে ব্যবহৃত হবে। যত দিন বিধি তৈরি না হবে, তত দিন এই আইনের প্রয়োগ বন্ধ থাকবে।’
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের বিষয়ে বিশেষজ্ঞ আইনজীবী তানজীব উল আলম বলেন, আইনটি বর্তমান রূপে প্রয়োগ করার ক্ষেত্রে অপব্যবহারের আশঙ্কা যে আছে, তা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে।
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের ৫৭ ধারার ক্ষমতাবলে পুলিশ গত রোববার মুক্তিযুদ্ধে শহীদ পরিবারের সন্তান প্রবীর সিকদারকে গ্রেপ্তার করে। এ নিয়ে সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। গতকাল প্রবীর সিকদারকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে।
৫৭ ধারায় বলা আছে, কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে ওয়েবসাইটে বা অন্য কোনো ইলেকট্রনিক মাধ্যমে এমন কিছু প্রকাশ বা সম্প্রচার করেন, যাহা মিথ্যা ও অশ্লীল, যা কেউ পড়লে বা দেখলে বা শুনলে নীতিভ্রষ্ট বা অসৎ হতে উদ্বুদ্ধ হতে পারেন, আইনশৃঙ্খলার অবনতি ঘটে বা ঘটার সম্ভাবনা সৃষ্টি হয়, রাষ্ট্র ও ব্যক্তির ভাবমূর্তি ক্ষুণ্ন হয় বা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে বা করতে পারে—এই ধরনের কাজ অপরাধ হয়েছে বিবেচিত হবে। কোনো ব্যক্তি এ ধরনের অপরাধ করলে তিনি কমপক্ষে সাত বছর ও সর্বোচ্চ ১৪ বছর এবং সর্বোচ্চ এক কোটি টাকার অর্থদণ্ডে দণ্ডিত হবেন।
ক্ষমতাসীন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে প্রবীর সিকদারকে আটকের বিষয়টি দুঃখজনক। প্রধানমন্ত্রী দিনের পর দিন পরিশ্রম করে সুনাম অর্জন করছেন। এই ঘটনা সেই সুনামে কালিমা লেপ্টে দিয়েছে। প্রধানমন্ত্রীকে বিব্রত করা হয়েছে।
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের ৫৭ ধারাটি সংবিধানের ৩৯ অনুচ্ছেদের পরিপন্থী বলে মন্তব্য করেন সুরঞ্জিত। তিনি বলেন, মান গেল মন্ত্রীর, মামলা করল আরেকজন। কোনো মন্ত্রীর মান গেলে তাঁর হয়ে মামলা করা সরকারি সহকারী কৌঁসুলির (এপিপি) দায়িত্ব নয়। ফেসবুকে প্রবীর যে মন্তব্য করেছেন, সে বিষয়ে সংবিধানের ৩৯ অনুচ্ছেদে তাঁকে নিরঙ্কুশ স্বাধীনতা দেওয়া হয়েছে। কিন্তু তাঁকে যেভাবে আটক করা হয়েছে, তার পুরোটাই সংবিধানবহির্ভূত।
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের ৫৭ ধারার সংশোধন দাবি করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, মন্ত্রী সম্ভ্রান্ত পরিবারের উচ্চশিক্ষিত মানুষ। তাঁর যদি মান যায়, তবে তাঁরই মামলা করা উচিত ছিল। তাঁর হয়ে অতি উৎসাহীরা প্রবীরকে ধরে আনতে গিয়ে বেঁধে এনেছে। এতে মন্ত্রীকে খাটো করা হয়েছে।
আইনজীবী তানজীব উল আলম বলেন, ৫৭ ধারাটি অস্পষ্ট। এটি কীভাবে ব্যবহার বা প্রয়োগ হবে সে সম্পর্কে আইনে কোনো নির্দেশনা নেই। যে কারণে আইনটির অপপ্রয়োগ হচ্ছে। এ নিয়ে জনমনে মত প্রকাশের ক্ষেত্রে ভীতির সঞ্চার হয়েছে। সংসদ এ ধরনের আইন করলে তা বাতিলের ক্ষমতা আদালতের আছে। গত এপ্রিলে ভারতের সুপ্রিম কোর্ট সংবিধান পরিপন্থী হওয়ায় সে দেশের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের ৬৬-এ ধারাকে সংবিধান পরিপন্থী বলে রায় দিয়েছেন।
আইনটি সংবিধান ও প্রচলিত অন্য আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেও মন্তব্য করেন তানজীব উল আলম। তিনি বলেন, ৫৭ ধারায় যে অপরাধের কথা বলা হয়েছে, অন্য আইনে সেই অপরাধের বিচার হলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড হতে পারে। কিন্তু এই আইনে বলা আছে সর্বনিম্ন সাত বছর ও সর্বোচ্চ ১৪ বছরের কারাদণ্ডের কথা। বিষয়টি লঘু পাপে গুরু দণ্ডের মতো। আইনে অপরাধের মাত্রা অনুযায়ী শাস্তির বিধান থাকা উচিত।
সংবিধানের ৩৯ অনুচ্ছেদে নাগরিকের চিন্তা, বিবেক, ভাব প্রকাশ ও বাক্স্বাধীনতা এবং সংবাদপত্রের স্বাধীনতার নিশ্চয়তা দেওয়া আছে।
এই আইনটি তৈরি হয়েছিল ২০১৩ সালে, যখন আইনমন্ত্রী ছিলেন শফিক আহমেদ। এই আইনের বিষয়ে ওঠা সমালোচনার প্রতি তাঁর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, আইনটি প্রয়োগের বিষয়ে বিধিমালা তৈরির কথা ছিল, কিন্তু তা হয়নি। সেটি করার আগে আইনটি প্রয়োগ করা হলে তার অপব্যবহারের ঝুঁকি থেকে যাবে। তিনি বলেন, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতের ব্যাপক উন্নয়নের কারণে এর ব্যবহারও বিভিন্ন রকম হয়ে গেছে। সে জন্যই ২০১৩ সালে আইনটি সংশোধন করে সাজা বাড়ানো হয়েছে। তিনি বলেন, বিধি হওয়ার আগ পর্যন্ত এই আইন খুব সতর্কতার সঙ্গে প্রয়োগ করতে হবে, যাতে কেউ হয়রানির শিকার না হন।