তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ ধারাকে কেন সংবিধান-পরিপন্থী ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে গতকাল মঙ্গলবার রুল দিয়েছেন হাইকোর্টের একটি বেঞ্চ।
একই দিনে হাইকোর্টের আরেকটি বেঞ্চে ৫৭ ধারা চ্যালেঞ্জ করে করা অন্য একটি রিট আবেদনের ওপর প্রাথমিক শুনানি শেষ হয়েছে। আজ বুধবার আদেশের দিন ধার্য করেছেন আদালত।
সম্প্রতি হাইকোর্টের পৃথক তিনটি বেঞ্চে আইসিটি আইনের এ ধারাটি চ্যালেঞ্জ করে তিনটি রিট আবেদন হয়। এর মধ্যে একটি ইতিমধ্যে খারিজ করেছেন আদালত।
এক বেঞ্চে রুল: গত রোববার আইসিটি আইনের ৫৭ ধারা বিলুপ্তির নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-লেখকসহ ১১ ব্যক্তি। গতকাল বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর প্রাথমিক শুনানি হয়। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোতাহার হোসেন।
মোতাহার হোসেন প্রথম আলোকে বলেন, ‘প্রাথমিক শুনানি শেষে আদালত রুল দিয়েছেন। ৫৭ ধারাকে কেন সংবিধানপরিপন্থী ঘোষণা করা হবে না এবং এটি বাতিলের নির্দেশ কেন দেওয়া হবে না, তা আদালত জানতে চেয়েছেন।’
জ্যোতির্ময় বড়ুয়া বলেন, চার সপ্তাহের মধ্যে আইনসচিব, স্বরাষ্ট্রসচিব এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি-সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
৫৭ ধারা বিলুপ্ত করতে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানতে গত ২৭ আগস্ট তিন সচিবকে আইনি নোটিশ পাঠিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-লেখকসহ ১১ জন ব্যক্তি। তাঁরা হলেন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আহমেদ কামাল, আকমল হোসেন, গীতি আরা নাসরিন, ফাহমিদুল হক, তানজীম উদ্দিন খান, সামিনা লুৎফা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আনু মুহাম্মদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, সংস্কৃতিকর্মী অরূপ রাহী, লেখক রাখাল রাহা ও আবদুস সালাম। ২৪ ঘণ্টার মধ্যে নোটিশের জবাব না পাওয়ায় ৩০ আগস্ট তাঁরা রিট আবেদন করেন।
আরেকটি রিটের আদেশ আজ: একই বিষয়ে করা আরেকটি রিট আবেদনের ওপর আদেশের জন্য আজ বুধবার দিন ধার্য করেছেন বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। গতকাল এ আবেদনের ওপর প্রাথমিক শুনানি শেষ হয়। আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ইমরান এ সিদ্দিক ও শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।
২৭ আগস্ট আইসিটি আইনের ৫৭ ধারা সংবিধানের ২৭, ৩১, ৩৯ ও ৪০ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক উল্লেখ করে রিট আবেদনটি করেন রাজধানীর পল্লবীর বাসিন্দা জাকির হোসেন। এতে তিনি ৫৭ ধারাকে অসাংবিধানিক ও অবৈধ ঘোষণা চান। গত রোববার এ আবেদনের ওপর প্রাথমিক শুনানি শুরু হয়, গতকাল শেষ হলো।
এর আগে ৫৭ ধারা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনূছ আলী আকন্দ। বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ৩০ আগস্ট আবেদনটি ‘অপরিপক্ব’ বিবেচনায় খারিজ করে দেন।