৫৭ ধারা চ্যালেঞ্জ করে রিট
২০০৬ সালের তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির। আজ বুধবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় তিনি এ আবেদনটি জমা দেন।
শিশির মনির প্রথম আলো কে বলেন, তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারা সংবিধানের কয়েকটি অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক। এ জন্য রিট আবেদনে এই ধারা বাতিল চাওয়া হয়েছে। আবেদনে আইন সচিব এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিবকে বিবাদী করা হয়েছে।
তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারার (১) ও (২) উপধারায় বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে ওয়েব সাইটে বা অন্য কোনো ইলেকট্রনিক বিন্যাসে এমন কিছু প্রকাশ বা সম্প্রচার করেন, যা মিথ্যা ও অশ্লীল বা সংশ্লিষ্ট অবস্থা বিবেচনায় কেউ পড়লে, দেখলে বা শুনলে নীতিভ্রষ্ট বা অসৎ হইতে উদ্বুদ্ধ হতে পারেন অথবা যার দ্বারা মানহানি ঘটে, আইন শৃঙ্খলার অবনতি ঘটে বা ঘটার সম্ভাবনা সৃষ্টি হয়, রাষ্ট্র ও ব্যক্তির ভাবমূর্তি ক্ষুণ্ন হয় বা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে বা করিতে পারে বা এ ধরনের তথ্যাদির মাধ্যমে কোনো ব্যক্তি বা সংগঠনের বিরুদ্ধে উসকানি দেওয়া হয়, তাহলে তার এ কাজ হবে একটি অপরাধ। কোনো ব্যক্তি এ অপরাধ করলে তিনি সর্বোচ্চ ১৪ বৎসর এবং কমপক্ষে সাত বৎসর কারাদণ্ডে এবং অনধিক এক কোটি টাকা অর্থদণ্ডে দণ্ডিত হইবেন।’
এর আগে আজ সকালে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ও ৮৬ ধারা বাতিল চেয়ে চার সচিবের কাছে আইনি নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনূছ আলী আকন্দ।
সম্প্রতি তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় সাংবাদিক প্রবীর সিকদারকে গ্রেপ্তারের ঘটনায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এই ধারাটির অপব্যবহার ও প্রয়োগে স্বেচ্ছাচারিতা নিয়ে রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও মানবাধিকার সংগঠনগুলো বেশ সোচ্চার হয়ে উঠেছে। আইনজ্ঞ ও বিশেষজ্ঞরা এটাকে অসাংবিধানিক অভিহিত করে তা সংশোধনের দাবি তুলেছেন। তাঁরা বলেছেন, ধারাটি সুস্পষ্ট না হওয়ায় এর অপব্যবহার বা অপপ্রয়োগ হচ্ছে।
তবে আইনমন্ত্রী আনিসুল হক মনে করেন, আইনটির অপব্যবহার হয়েছে, এটা বলা যাবে না। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, এই ধারা মানবাধিকার ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক নয়। ৫৭ ধারায় জামিন না থাকার সুযোগের সমালোচনার বিষয়ে মন্ত্রী বলেন, আইনজীবী আংশিক সত্য কথা বলেছেন। সিআরপিসিতে এমন অনেক আইন আছে , যা জামিন অযোগ্য।
বিতর্কিত ৫৭ ধারা নিয়ে নতুন চিন্তা
অারও পড়ুন:-