৫৭ ধারা চ্যালেঞ্জ করে রিটের শুনানি চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ ধারার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদনের শুনানি হাইকোর্টে অব্যাহত রয়েছে। আজ মঙ্গলবার আবেদনটির ওপর আবার শুনানি হবে।
বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে গতকাল সোমবার দ্বিতীয় দিনের মতো এ আবেদনের ওপর শুনানি হয়। গতকাল রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রিট আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী ইমরান এ সিদ্দিকী ও শিশির মনির।
আইসিটি আইনের ৫৭ ধারার বৈধতা চ্যালেঞ্জ করে গত ২৭ আগস্ট হাইকোর্টে এ রিট আবেদনটি করেন রাজধানীর পল্লবীর বাসিন্দা জাকির হোসেন। গত রোববার আবেদনের ওপর প্রথম দিনের শুনানি হয়। রিট আবেদনকারীর আইনজীবীরা শুনানিতে বলেন, ৫৭ ধারা প্রশাসনকে নিরঙ্কুশ ক্ষমতা দিয়েছে, যা সংবিধানের ২৭, ৩১, ৩২ ও ৩৯ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক।
এর আগে আইসিটি আইনের ৫৭ ও ৮৬ ধারা বাতিল চেয়ে রিট আবেদন করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনূছ আলী আকন্দ। তবে ওই আবেদনটি ‘অপরিপক্ব’ বিবেচনায় হাইকোর্টের একটি বেঞ্চ তা খারিজ করে দেন।