৫৭ ধারা নিয়ে করা একটি রিট খারিজ
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ ধারা চ্যালেঞ্জ করে দায়ের করা একটি রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। তবে আবেদনকারীর আইনজীবী জানিয়েছেন, আদেশের সত্যায়িত অনুলিপি হাতে পাওয়ার পর আপিল করবেন।
বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এ আবেদন খারিজ করেন।
গত বৃহস্পতিবার পল্লবীর বাসিন্দা জাকির হোসেন রিট আবেদনটি করেন। রবি, সোম ও গতকাল মঙ্গলবার এই আবেদনের ওপর শুনানি হয়।
রিট আবেদনকারীর আইনজীবী শিশির মনির প্রথম আলোকে বলেন, আদালত বলেছেন ৫৭ ধারার বিষয়ে তাঁরা বিস্তারিত পর্যবেক্ষণসহ আদেশ পরে প্রকাশ করবেন। ওই আদেশ প্রকাশিত হওয়ার পর তাঁরা আপিল বিভাগে যাবেন বলে তিনি জানালেন।
সম্প্রতি ৫৭ ধারা চ্যালেঞ্জ করে হাইকোর্টে মোট তিনটি রিট আবেদন হয়েছে। এর মধ্যে দুটি বেঞ্চে পৃথক দুটি আবেদন খারিজ হয়েছে। গতকাল হাইকোর্টের আরেকটি বেঞ্চ ৫৭ ধারা নিয়ে রুল দিয়েছেন।
রিট আবেদনে বলা হয়েছে, আইসিটি আইনের ৫৭ ধারা প্রশাসনকে নিরঙ্কুশ ক্ষমতা দিয়েছে, যা সংবিধানের ২৭, ৩১, ৩২ ও ৩৯ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক।