৫৭ ধারা নিয়ে কাল আবার শুনানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ ধারা নিয়ে হাইকোর্টে করা রিটের পরবর্তী শুনানি আগামীকাল সোমবার। বিচারপতি ফারাহ মাহবুব ও কাজী মো. ইজারুল হক আকন্দ সমন্বয়ে গঠিত বেঞ্চে আজ রোববার এ রিটের শুনানি শুরু হওয়ার পর আদালত তা সোমবার পর্যন্ত মুলতবি করেন।

রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী শিশির মনির। তিনি বলেন, আগামীকাল সোমবার আবার শুনানি হবে এ রিটের। ওই দিন অ্যাটর্নি জেনারেল উপস্থিত থাকতে পারেন।

আইসিটি আইনের ৫৭ ধারা বাতিল চেয়ে গত বুধবার (২৬ আগস্ট) সকালে চার সচিবকে আইনি নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের এক আইনজীবী। বিকেলে ওই ধারাটি চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন আরেক আইনজীবী। পরদিন বৃহস্পতিবার ১১ ব্যক্তি এ নিয়ে তিন সচিবকে আইনি নোটিশ পাঠান।

২০০৬ সালে পাস হওয়া আইসিটি আইন ২০০৯ ও ২০১৩ সালে দুই দফা সংশোধন করা হয়। সর্বশেষ সংশোধনে সাজা বাড়িয়ে ১০ বছর থেকে ১৪ বছর কারাদণ্ড করা হয়। আর ৫৭ ধারার অপরাধকে করা হয় অজামিনযাগ্য।