৫৭ ধারা বাতিলে সরকারের মধ্যে ভিন্নমত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৫৭ ধারা
৫৭ ধারা

বিদ্যমান তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) আইনের নিবর্তনমূলক ৫৭ ধারা বহাল রাখার পক্ষে আবারও অবস্থান নিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। গতকাল সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠকে বিষয়টি সম্পর্কে অনির্ধারিত আলোচনায় তথ্যমন্ত্রী তাঁর এই অবস্থান ব্যক্ত করেন।

তবে সরকার তথা মন্ত্রিসভার অনেক সদস্য ও সরকারের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে এ বিষয়ে ভিন্নমত রয়েছে। তথ্যমন্ত্রীর অবস্থানের সঙ্গে তাঁরা একমত নন বলে জানা গেছে। গতকাল নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন মন্ত্রী প্রথম আলোকে বলেন, ৫৭ ধারার ব্যাপারে তথ্যমন্ত্রীর অবস্থানের সঙ্গে তাঁরা একমত নন।

সরকারের নির্ভরযোগ্য সূত্র জানায়, গতকাল মন্ত্রিসভার বৈঠকে ৫৭ ধারার বিষয়টি তোলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বিদ্যমান আইসিটি আইনের এই ধারা নিয়ে দেশের সর্বত্র যে ব্যাপক সমালোচনা হচ্ছে, সেটি তুলে ধরেন তিনি। এরপর একাধিক মন্ত্রী বলেন, ৫৭ ধারা নিয়ে নানামুখী আলোচনা-সমালোচনা চলছে। সাংবাদিকদের নামে এই ধারায় মামলা হচ্ছে বলে গণমাধ্যমে খবর আসছে। এ সম্পর্কে সরকারের অবস্থান পরিষ্কার করা দরকার। না হলে সমস্যা বাড়বে।

মন্ত্রীদের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তথ্যমন্ত্রী ঘুরিয়ে-ফিরিয়ে ধারাটির পক্ষেই বক্তব্য দেন। তথ্যমন্ত্রীর বক্তব্যের সারাৎসার সেই আগের মতোই—৫৭ ধারা গণমাধ্যমের কণ্ঠরোধ বা নিয়ন্ত্রণ করার জন্য প্রণীত হয়নি। এটি গণমাধ্যমের বিষয় নয়। সাংবাদিকতার জন্য কারও বিরুদ্ধে এই আইনে মামলা হয়নি। মামলা হয়েছে সাইবার অপরাধের অভিযোগে, এটা সব নাগরিকের ক্ষেত্রে প্রযোজ্য। তবে ৫৭ ধারাটি পর্যালোচনা করা হচ্ছে বলেও তথ্যমন্ত্রী উল্লেখ করেন।

এই আলোচনার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকলেও এ বিষয়ে তিনি কোনো কথা বলেননি বলে বৈঠকে উপস্থিত কয়েকজন মন্ত্রী প্রথম আলোকে বলেছেন।

আইসিটি আইনের নিবর্তনমূলক এই ধারার পক্ষে তথ্যমন্ত্রীর অবস্থান নতুন নয়। এর আগে জাতীয় সংসদে আইনমন্ত্রী আনিসুল হক ধারাটি বাতিলের আশ্বাস দিলে তখনো তথ্যমন্ত্রী ৫৭ ধারা বহাল রাখার পক্ষে বক্তব্য দেন। গতকাল জানতে চাইলে আইনমন্ত্রী আনিসুল হক প্রথম আলোকে বলেন, ‘এটা বাতিল নিয়ে আলাপ-আলোচনা চলছে। আশা করি আগামী মাসে কিছু একটা দেখতে পাবেন।’

সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আমার মতে যত্রতত্র, যখন-তখন ও সুযোগ না দিয়ে এই ধারা প্রয়োগ করা ঠিক নয়। আমি মনে করি, এই আইনটি শিথিল করা দরকার; বিশেষ করে সাংবাদিকদের ক্ষেত্রে। কারও যদি মনে হয়, গণমাধ্যমে প্রকাশিত কোনো সংবাদে কারও মানহানি হয়েছে, তবে সংক্ষুব্ধ ব্যক্তি ওই পত্রিকা অফিসে প্রতিবাদ পাঠাবেন।’ তাঁর মতে, সংবাদপত্রের সমালোচনা করলেই যদি মামলা হয়, তবে তা সংবাদপত্রের বাধা হয়ে দাঁড়াবে। একমাত্র রাষ্ট্রবিরোধী কোনো কিছু হলেই এ ধারার ব্যবহার হতে পারে। আর কোনো ঘটনায় নয়।

দেশের সংবাদপত্র মালিকদের সংগঠন ‘নোয়াব’, সম্পাদকদের সংগঠন ‘সম্পাদক পরিষদ’ এবং রাজনৈতিক বিভাজনের কারণে দুই ভিন্ন মেরুতে অবস্থানকারী সাংবাদিক নেতারা বিভিন্ন সময় ৫৭ ধারা বাতিলের আহ্বান জানিয়েছেন। তাঁরা বলেছেন, এখন পর্যন্ত নিবর্তনমূলক এই বিধি সবচেয়ে বেশি প্রয়োগ করা হয়েছে সাংবাদিকদের ওপর। ৫৭ ধারার আতঙ্কে সংবাদ প্রকাশে স্বনিয়ন্ত্রণ বা সেল্‌ফ সেন্সরশিপ বেড়েছে। তা ছাড়া কথিত ধর্মীয় অনুভূতিতে আঘাত থেকে শুরু করে মানহানি পর্যন্ত—সব ক্ষেত্রে এই ধারা প্রয়োগ করা হচ্ছে।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির তথ্য হচ্ছে, ২০১৫ থেকে এই আইনে সংগঠনের ৯ সদস্য এবং তাঁদের সঙ্গে আরও ৭ জনের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা দেওয়া হয়েছে। গত বছর এই ধারায় মোট মামলা হয়েছে ৩৬টি, এ বছরের জুন পর্যন্ত এই সংখ্যা ২৪।

জানতে চাইলে বাংলাদেশ প্রতিদিন-এর সম্পাদক নঈম নিজাম প্রথম আলোকে বলেন, ‘আমি মনে করি, আইসিটি আইনের ৫৭ ধারা নিয়ে সম্পাদক পরিষদ ও নোয়াব থেকে যে অবস্থান ব্যাখ্যা করা হয়েছে তা সঠিক। কোনো গণতান্ত্রিক দেশে কোনোভাবেই স্বাধীন মতপ্রকাশের ক্ষেত্রে কোনো বাধা কাম্য হতে পারে না। বর্তমান সরকার মুক্তিযুদ্ধের পক্ষের সরকার। তাই এই সরকারের কাছে আমাদের আশাও বেশি। আশা করি, সরকার ধারাটি বাতিল করবে।’ তিনি বলেন, সরকারের কারও কারও পক্ষ থেকে রামুর মতো যেসব ঘটনার আশঙ্কা করা হয়, সেগুলো কিন্তু ফৌজদারি আইনে বিচার করা সম্ভব। সুতরাং এই ধারার কোনো প্রয়োজন নেই।

জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান প্রথম আলোকে বলেন, ৫৭ ধারা বিশেষ করে এই আইনের অপব্যবহার নিয়ে পক্ষে-বিপক্ষে অনেক আলোচনা হচ্ছে। এর অপব্যবহার যাতে না হয় বা কীভাবে এই সমস্যার নিরসন করা যায়, তা নিয়ে মতামত এসেছে। তবে এখন পর্যন্ত চূড়ান্ত কিছু হয়নি।

এদিকে গতকাল সকালে সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতাদের এক মতবিনিময় সভায় ‘গণমাধ্যমবিদ্বেষী’ আখ্যা দিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর অপসারণ চাওয়া হয়েছে। সভায় বলা হয়, হাসানুল হক ইনু যত দিন তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন, তত দিন সাংবাদিকতা পেশার মর্যাদা ও নিরাপত্তা অনিশ্চিত থাকবে। ঢাকা সাংবাদিক ইউনিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশ, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ঢাকা সাব-এডিটরস কাউন্সিল, বাংলাদেশ নিউজপেপার মিডিয়া কম্পিউটার এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন ইউনিটের নেতারা উপস্থিত ছিলেন।

সভা থেকে ২৭ জুলাই জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় এবং ৩০ জুলাই সচিবালয়ের গেটে অবস্থান কর্মসূচি সফল করার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়।

গতকাল মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, বৈঠকে ডি-এইট সদস্যদেশগুলোর মধ্যে বাণিজ্য-সংক্রান্ত একটি চুক্তি অনুসমর্থনের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়। বৈঠকে বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, ২০১৭ উপস্থাপন করা হলেও আরও পর্যবেক্ষণের জন্য তা ফেরত পাঠানো হয়েছে। গত এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত—তিন মাসে মন্ত্রিসভার সিদ্ধান্তগুলোর মধ্যে ৭১ দশমিক ৬২ শতাংশ বাস্তবায়িত হয়েছে বলেও সচিব জানান।

এ ছাড়া মন্ত্রিসভার বৈঠকের একটি সূত্রে জানা গেছে, একটি পত্রিকায় একজন মন্ত্রী ও তাঁর পরিচিতজনদের নিয়ে ধারাবাহিক প্রতিবেদন করা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে।