তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। তিনি অবিলম্বে ৫৭ ধারা বাতিল এবং সাংবাদিক প্রবীর সিকদারের নামে দায়ের করা মামলা প্রত্যাহারেরও দাবি জানান।
গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে গণজাগরণ মঞ্চের প্রতিবাদ সমাবেশে ইমরান এই দাবি করেন। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় ইলেকট্রনিক ফর্মে মিথ্যা, অশ্লীল অথবা মানহানিকর তথ্য প্রকাশসংক্রান্ত অপরাধ এবং এর দণ্ড সম্পর্কে বলা হয়েছে।
সমাবেশে অংশগ্রহণকারীরা ‘প্রশাসনের মিথ্যাচার জনগণের হাহাকার’; ‘৫৭ ধারা বাতিল কর, প্রবীর সিকদারকে মুক্ত কর’; ‘মুক্ত চিন্তায় হামলা, রুখে দাঁড়াও বাংলা’ এসব স্লোগান দেন। সমাবেশে সাংবাদিক প্রবীর সিকদার, ভাস্কর রাশা, ব্লগার বাকি বিল্লাহ প্রমুখ বক্তব্য দেন।
ইমরান এইচ সরকার বলেন, সংবিধানের ৩৯ নম্বর ধারায় বাক্ ও সংবাদপত্রের স্বাধীনতার কথা বলা হয়েছে। অথচ ৫৭ ধারায় বাক্স্বাধীনতাকে খর্ব করা হয়েছে। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল টিএসসি হয়ে আবার জাতীয় জাদুঘরের সামনে এসে শেষ হয়। পরে সেখানে বক্তব্য দেন প্রবীর সিকদার। তিনিও ৫৭ ধারা বাতিল করার দাবি জানান।