৫৭ ধারা বাতিলের দাবি শিক্ষক ও শিক্ষার্থীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যমুনা টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক নাজমুল হোসেনের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা প্রত্যাহার ও এই ধারা বাতিলের দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

গতকাল রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এক মানববন্ধনে এই দাবি জানানো হয়। শিক্ষক-শিক্ষার্থীরা নাজমুল হোসেন ছাড়াও যেসব সাংবাদিকের বিরুদ্ধে এই ধারায় মামলা হয়েছে, সব বাতিলের দাবি জানান।

গত ২৮ জুন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নাজমুল হোসেনের একটি লেখাকে কেন্দ্র করে ৩ জুলাই দিনাজপুরের কোতোয়ালি থানায় এই মামলা হয়। বিভাগের প্রাক্তন এই শিক্ষার্থী ‘বিচারপতির লাল সিঁড়ি ও দেলোয়ারের ক্র্যাচ’ নামে একটি লেখা লেখেন। এতে বিচারপতি, বিচারক ও বিচার বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার অভিযোগ তুলে মামলাটি করা হয়।

মানববন্ধনে অংশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক আ জ ম শফিউল আলম ভুইয়া বলেন, এই ধারার অনেক দিক অস্পষ্ট। এই ধারায় মামলা হলে জামিন পাবেন না, এটা একটা ভয়ংকর দিক। এই ধারায় যেসব মামলা হচ্ছে, তার বেশির ভাগই হয়রানি করার জন্য করা হচ্ছে।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মফিজুর রহমান বলেন, এই আইনের মাধ্যমে শুধু সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে তা নয়, সাধারণ মানুষের বিরুদ্ধেও মামলা করে হয়রানি করা হচ্ছে। নাজমুল হোসেনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে দাঁড়ানোটা এখানে উপলক্ষ, এখানকার সবার অবস্থান ৫৭ ধারার বিরুদ্ধে।

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ফরহাদ উদ্দীন বলেন, এই ধারা মতপ্রকাশের স্বাধীনতা ও স্বাধীন সাংবাদিকতার কণ্ঠ রোধ করে।