৫৭ ধারা সাংঘর্ষিক নয়: তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের ৫৭ ধারা মানবাধিকার ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক নয়। গতকাল রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী এ কথা বলেন।
৫৭ ধারায় জামিন না থাকার সুযোগের সমালোচনার বিষয়ে মন্ত্রী বলেন, আইনজীবীরা আংশিক সত্য কথা বলছেন। সিআরপিসিতে এমন অনেক আইন আছে, যা জামিন অযোগ্য।
খালেদা জিয়ার ‘গণতন্ত্রের বন্ধ কপাট খুলে দিন’ বক্তব্যের প্রতিক্রিয়ায় তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়া নিজেই নিজেকে গণতন্ত্রের কপাটের বাইরে নিয়ে গেছেন। গণতন্ত্রের দরজা খোলা রয়েছে। আগুনসন্ত্রাসী-নাশকতাকারীদের নিয়ে পেট্রলবোমা ও গ্রেনেড ছুড়তে ছুড়তে বেগম জিয়া নিজেই গণতন্ত্রের চৌকাঠের ওপারে চলে গেছেন। গণতন্ত্রের কপাট বন্ধ নয়, উন্মুক্ত। কিন্তু যুদ্ধাপরাধী-জঙ্গিবাদী-মৌলবাদী-আগুনসন্ত্রাসী-খুনি অপরাধীদের জন্য গণতন্ত্রের কপাট কখনোই খোলা ছিল না। গণতন্ত্র অপরাধীদের হালাল করার ফর্মুলাও না।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ক্রসফায়ার করে কাউকে বাগে আনার নীতি সরকারের নেই। অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। এখানে কে কোন দলের, তা মুখ দেখে বাছা হয় না।