৫৭ ধারার আতঙ্কে সংবাদ প্রকাশে স্বনিয়ন্ত্রণ বেড়েছে

৫৭ ধারা সংবাদকর্মীদের আতঙ্কিত করে রেখেছে। মামলা-আতঙ্কে তাঁরা নিজেরাই অনেক অপরাধ-দুর্নীতির সংবাদ প্রকাশ থেকে বিরত থাকছেন (সেল্ফ সেন্সরশিপ)।
‘সংবাদপত্রের স্বাধীনতা: তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারা’ শীর্ষক এক আলোচনায় সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক ও সাংবাদিক নেতারা এ মত ব্যক্ত করেন। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ওই আলোচনার আয়োজন করে সাউথ এশিয়ান ফ্রি মিডিয়া অ্যাসোসিয়েশন (সাফমা)।
আলোচকদের সবাই ৫৭ ধারা বাতিল এবং এই ধারার শাস্তিগুলো পরে অন্য আইনে যাতে যুক্ত করা না হয়, সেই দাবি জানান। তাঁরা গণমাধ্যমসংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রেস কাউন্সিলের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে আইনি ব্যবস্থার বিধান রাখার সুপারিশ করেন।
আলোচনায় সাবেক তথ্যমন্ত্রী মীজানুর রহমান শেলী বলেন, রাজনীতিবিদদের মনে রাখা উচিত, আমলাতন্ত্র সব সময় তাঁদের নয়। এটা আলাদিনের চেরাগের সেই দৈত্যের মতো। চেরাগ যার হাতে, দৈত্য তখন তারই গোলাম। ক্ষমতায় না থাকলে এই আইন রাজনীতিবিদদের বিরুদ্ধেও ব্যবহৃত হতে পারে। সুতরাং সময় থাকতে সাবধান। সরকারের মধ্যকার একটা দুর্নীতিগ্রস্ত অংশ এ ধরনের আইনকে বারবার পুনরুজ্জীবিত করে নিজেদের অপরাধ আড়াল করতে চায়।
আলোচনায় নিউজ টুডে সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ ক্ষোভ প্রকাশ করে বলেন, ৫৭ ধারা নিয়ে এত সমালোচনার পরও সরকারের ভূমিকা দুঃখজনক। একটা দেশে গণমাধ্যম কীভাবে কাজ করবে, সেটা সাবেক বা বর্তমান আমলা ও সামরিক কর্মকর্তাদের ওপর নির্ভর করে সরকার নির্ধারণ করে দিচ্ছে। গণমাধ্যমের সঙ্গে যাঁদের সম্পর্ক নেই, যাঁরা সংবাদ বোঝেন না, তাঁদের দিয়ে আইন করালে সেটা নিবর্তনমূলক হবেই।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি মনজুরুল আহসান বুলবুল বলেন, সরকারের ভেতরের একটি অংশ নিজেদের অসৎ উদ্দেশ্যে সংবাদমাধ্যমকে দমিয়ে রাখতে এ রকম আইনের পক্ষে গেছে। তিনি বলেন, ‘আর তথ্যমন্ত্রী একজন রাজনীতিক হয়ে ৫৭ ধারার পক্ষে সংসদে যে সাফাই গাইলেন, তা খুবই লজ্জাজনক। তিনি তো রাজনীতি করে এসেছেন, তিনি যদি আর্মির লোক হতেন, তবে আমাদের কোনো আপত্তি ছিল না।’ তিনি বলেন, ‘এমনিতে নানা কারণে আমাদের সেল্ফ সেন্সরশিপ করতে হয়। তার ওপর এ রকম একটা জঘন্য আইনের খাঁড়া যদি মাথার ওপর থাকে, তাহলে সেন্সরশিপ আরও বাড়ে।’
মনজুরুল আহসান বলেন, দেশে টেলিভিশন চ্যানেলগুলোর জন্য সুনির্দিষ্ট আইন নেই। কোন শর্তগুলো প্রতিপালন করলে টিভি চ্যানেলের লাইসেন্স দেওয়া হবে, আর কী করলে লাইসেন্স বাতিল হবে, এসবের আইনি ব্যাখ্যা থাকা উচিত।
সাফমার জাহিদুজ্জামান ফারুক সভাপতির বক্তব্যে বলেন, ৫৭ ধারা বাতিল করতে না পারলে শুধু গণমাধ্যমই বিপদে পড়বে তা নয়। গণতন্ত্র বিপন্ন হবে, অর্থনীতি হুমকিতে পড়বে এবং জঙ্গিবাদের মতো বিষয়গুলোকে থামানো যাবে না।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি সাখাওয়াত হোসেন বলেন, এখন পর্যন্ত ডিআরইউর ১৬ জন সদস্যের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা হয়েছে।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন দৈনিক সংবাদ-এর ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনিরুজ্জামান, দৈনিক যুগান্তর-এর ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের মহাসচিব ওমর ফারুক ও সাবেক মহাসচিব আবদুল জলিল ভুঁইয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান প্রমুখ।