৫৭ ধারায় খালেদা, তারেকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর ছেলে চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে। তবে এবার এ মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও তাঁর বড় ছেলে তারেক রহমানকে আসামি করা হয়েছে।
আজ সোমবার চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক আবদুল কাদের চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে অভিযোগ করেন। একই সঙ্গে অভিযোগটি এজাহার হিসেবে নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানার ওসিকে নির্দেশ দেওয়ার আবেদন করেন। পরে বিচারক আ স ম শহীদুল্লাহ কায়সার অভিযোগটিকে মামলার এজাহার হিসেবে নিতে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন।
এর আগে এ ঘটনায় রংপুরে, ঝালকাঠি, যশোর, কুড়িগ্রাম, জামালপুর, চট্টগ্রাম ও টাঙ্গাইলে মামলা হয়।
মামলার বাদী আবদুল কাদের সুজন জানান, খালেদা জিয়া ও তারেক রহমানের পরামর্শে ও নির্দেশে গত ১৫ সেপ্টেম্বর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননা করে ফেসবুকে স্ট্যাটাস দেন ইরাদ আহমেদ সিদ্দিকী। পরে ২৫ সেপ্টেম্বর শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে স্ট্যাটাস দেন; যা তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় অপরাধ। মামলায় বাদীসহ পাঁচজনকে সাক্ষী করা হয়।
বাদীর আইনজীবী আবুল হাশেম প্রথম আলোকে বলেন, ফেসবুকের ওই স্ট্যাটাসে যাঁরা লাইক দিয়েছেন এবং মন্তব্য করেছেন, তাঁদেরও আসামি করা হয়েছে। তবে কোনো সংখ্যা উল্লেখ করা হয়নি। আদালত অভিযোগটি আমলে নিয়ে বোয়ালখালী থানার ওসিকে এজাহার হিসেবে নিতে নির্দেশ দিয়েছেন।
এর আগে গত বুধবার রাতে ইরাদ আহমেদ সিদ্দিকীকে আসামি করে নগরের কোতোয়ালি থানায় চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক বেদারুল আলম চৌধুরী বাদী হয়ে একই অভিযোগে মামলা করেছেন।