৫৭ ধারায় চট্টগ্রামে সাংবাদিকের বিরুদ্ধে মামলা
প্রতিবেদন লেখার কারণে চট্টগ্রামে এক সাংবাদিকের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা করেছেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের এক নেতা। এই সাংবাদিক হলেন সমকাল পত্রিকার চট্টগ্রাম ব্যুরোর জ্যেষ্ঠ প্রতিবেদক তৌফিকুল ইসলাম।
গতকাল সোমবার রাঙ্গুনিয়া থানায় মামলাটি করেন উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ইকবাল হোসেন চৌধুরী। তিনি উপজেলার ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং রাঙ্গুনিয়ার সাংসদ হাছান মাহমুদের অনুসারী হিসেবে পরিচিত।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ভূঁইয়া প্রথম আলোকে বলেন, সমকাল পত্রিকার অনলাইনে গত ২২ জুন ‘খুনের মামলার আসামিরা হাছান মাহমুদের ক্যাডার’ শিরোনামে একটি প্রতিবেদন প্রচার করা হয়। প্রতিবেদনে বাদীকে সাংসদ হাছান মাহমুদের খাস লোক উল্লেখ করে সন্ত্রাসীদের আশ্রয়দাতা বলা হয়েছে। এতে বাদী ও হাছান মাহমুদের সুনাম ক্ষুণ্ন হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
ওসি বলেন, তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ (২) ধারায় মামলাটি হয়েছে। তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
মামলার বাদী আওয়ামী লীগের নেতা ইকবাল হোসেন গতকাল বিকেলে মুঠোফোনে প্রথম আলোর কাছে দাবি করেন, মিথ্যা, কাল্পনিক সংবাদটি প্রচারিত হওয়ায় তাঁর রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ক্ষতি হয়েছে। এলাকার জনগণের কাছে তাঁর মানসম্মানের অপূরণীয় ক্ষতি হয়েছে।
পাহাড়ধসে রাঙামাটির ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাওয়ার পথে গত ১৮ জুন রাঙ্গুনিয়ার ইছাখালী বাজারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের গাড়িবহরে হামলা হয়। এ ঘটনার পর রাঙ্গুনিয়ার সাংসদ ও তাঁর অনুসারীদের কর্মকাণ্ড নিয়ে সমকাল–এ ওই প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে মামলার বাদীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আনা হয়।
এ বিষয়ে সাংবাদিক তৌফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, তথ্যপ্রমাণের ভিত্তিতে প্রতিবেদনটি করা হয়েছে। সাংবাদিক হিসেবে তিনি শুধু পেশাগত দায়িত্ব পালন করেছেন।