কিশোরগঞ্জের ভৈরবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপলোড করার অভিযোগে আমির হামজা নামের এক যুবদল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পৌর আওয়ামী লীগ গতকাল শনিবার মানববন্ধন করেছে।
অভিযুক্ত আমির হামজা পৌর শহরের কমলপুর মহল্লার বাসিন্দা। তিনি ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক। পুলিশ জানায়, আমির হামজার ব্যবহৃত ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী ও সাবেক রাষ্ট্রপতির ছবি বিকৃত করে পোস্ট করা হয়। এতে এলাকায় ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এই ঘটনায় শুক্রবার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ বাদী হয়ে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা করেন। মামলায় আমির হামজাকে অভিযুক্ত করা হয়। এরপর আমির হামজাকে গ্রেপ্তার করে পুলিশ।
গতকাল বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালিত হয় মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য ‘দুর্জয় ভৈরব’ চত্বরে। কর্মসূচিতে আওয়ামী লীগের কয়েক শ নেতা-কর্মী অংশ নেন। এতে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, পৌর আওয়ামী লীগের সভাপতি এস এম বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক অরুণ আল আজাদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি খলিলুর রহমান, সহসভাপতি মোশারফ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজাল হোসেন প্রমুখ।
অভিযুক্ত আমির হামজা বলেন, ‘ছবি দুটি আমার ফেসবুক আইডি থেকে পোস্ট করা হলেও আমি করিনি। কীভাবে হয়েছে আমার জানা নেই।’