৫৭ বছর পর ভাষাশহীদদের জীবনী প্রকাশ করছে বাংলা একাডেমী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাষা আন্দোলনের ৫৭ বছর পর ভাষাশহীদদের জীবনী প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে বাংলা একাডেমী। ইতিমধ্যে শহীদ বরকত, রফিক ও জব্বারের জীবনী লেখার কাজ শেষ হয়েছে। এবারের অমর একুশে গ্রন্থমেলায় এই তিনটি বই প্রকাশিত হবে। এ ছাড়া একাডেমী বাংলা ভাষার ইতিহাস ও বাঙালীর ইতিহাস নামে দুটি গবেষণাধর্মী বই প্রকাশের উদ্যোগ নিয়েছে।এ দিকে গ্রন্থানুরাগী বাঙালির প্রাণের মেলা অমর একুশে গ্রন্থমেলার সব আয়োজন সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেল চারটায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। বিকেল পাঁচটা থেকে মেলা সাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। প্রধানমন্ত্রী গ্রন্থমেলা উদ্বোধনের পর বর্ধমান হাউসে স্থাপিত ভাষা আন্দোলন জাদুঘরেরও উদ্বোধন করবেন। গতকাল রোববার বিকেলে গিয়ে দেখা গেছে, প্রকাশনা সংস্থার কর্মীরা স্টলে রঙের শেষ প্রলেপ দিতে ব্যস্ত। হাতুড়ি-পেরেকে ঠোকাঠুকি। সাইনবোর্ড উঠছে স্টলের দরজার ওপর।ভাষাশহীদদের জীবনী প্রকাশের ব্যাপারে একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন, ‘যাঁদের রক্তের বিনিময়ে বাংলা ভাষা প্রতিষ্ঠা পেয়েছে, বাংলা একাডেমীর মতো প্রতিষ্ঠান গড়ে উঠেছে, তাঁদের জীবনী প্রকাশ করাটা আমরা দায়িত্ব মনে করি।’ ৭ ফেব্রুয়ারি মেলায় আসবে পাপড়ী রহমানের লেখা শহীদ বরকতের জীবনীগ্রন্থ। শহীদ রফিক ও জব্বারের জীবনী লিখেছেন এম আব্বাস উদ্দিন ও আখতার হুসেন। মেলার শেষ দিকে এ বই দুটি প্রকাশিত হবে। এ ছাড়া পাঁচ খণ্ডে বাংলা ভাষার ইতিহাস ও তিন খণ্ডে বাঙালির ইতিহাস প্রকাশের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে।মহাপরিচালক জানিয়েছেন, মোট ৫০৫টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। অংশ নিচ্ছে ৩৫৬টি প্রতিষ্ঠান। গতবার মেলায় অংশ নিয়েছিল ৩২৬টি প্রতিষ্ঠান। লিটল ম্যাগের জন্য বরাদ্দ করা হয়েছে এবার ২৬টি স্টল। মেলার ব্যয় বরাদ্দ হয়েছে ৩৩ লাখ টাকা।মেলা উপলক্ষে গতকাল রোববার একাডেমী এক সংবাদ সম্মেলনে প্রস্তুতির সর্বশেষ অবস্থা জানায়।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন একাডেমীর সচিব আলতাফ হোসেন, মেলা কমিটির সদস্যসচিব ও পরিচালক সাহিদা খাতুন, একাডেমীর উপপরিচালক (জনসংযোগ) মুর্শিদুদ্দিন আহম্মদ এবং স্পন্সর প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামদুদুর রশীদ, হেড অব করপোরেট অ্যাফেয়ার্স জীশান কিংশুক হক ও স্টেপ মিডিয়ার পরিচালক মোস্তফা জাহিদ খান।নিরাপত্তাব্যবস্থা: মেলায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানান একাডেমীর মহাপরিচালক। পুলিশ, র্যাব ছাড়াও সাদা পোশাকে পুলিশের টহল থাকবে। নিরাপত্তার জন্য থাকবে ১৫টি সিসি টিভি। কাল থেকে সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান: মেলার মূল মঞ্চে আগামীকাল মঙ্গলবার থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত সেমিনারের আয়োজন করা হয়েছে। প্রতিদিন ‘ভাষা আন্দোলনের ইতিহাস কথা: ১৯৪৭—১৯৫৩’ শিরোনামে সেমিনার হবে। পরে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলা প্রতিদিন বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকবে। ছুটির দিনে সকাল ১১টা থেকে রাত নয়টা এবং ২১ ফেব্রুয়ারি সকাল আটটা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।