৫৭ বছরে প্রথম নারী কাউন্সিলর প্রার্থী

বাগেরহাট পৌরসভায় ৫৭ বছরের মধ্যে এবারই প্রথম সাধারণ কাউন্সিলর পদে দুই নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় পৌরসভার নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে ৩২ জন প্রার্থী লড়বেন।
দুই নারী কাউন্সিলর হলেন ১ নম্বর ওয়ার্ডের প্রার্থী হাসিনা রহমান (প্রতীক পাঞ্জাবি) ও ৮ নম্বর ওয়ার্ডের প্রার্থী নার্গিস আক্তার (প্রতীক টেবিল ল্যাম্প)।
হাসিনা রহমানের প্রতিদ্বন্দ্বী বর্তমান কাউন্সিলরসহ তিনজন পুরুষ প্রার্থী আর নার্গিস আক্তার লড়বেন পাঁচ পুরুষ কাউন্সিলর প্রার্থী বিরুদ্ধে।
বাগেরহাট পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসিনা রহমান মহিলা পরিষদ, জেলা মহিলা ক্রীড়া সংস্থা, রেড ক্রিসেন্ট সোসাইটিসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত। ২০১১ সালে তিনি বাগেরহাট পৌরসভা নির্বাচনে সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচন করে হেরে যান। তবে এবার তিনি জয়ের ব্যাপারে বেশ আশাবাদী।
হাসিনা বলেন, সন্ত্রাস, মাদক আর নাগরিক অসুবিধা দূর করতে তিনি কাউন্সিলর প্রার্থী হয়েছেন। তাঁদের ওয়ার্ড পৌরসভার উত্তর প্রান্তে। এখানে নিম্ন আয়ের মানুষ বেশি। এলাকায় পানি বা বিদ্যুতের মতো নাগরিক সুবিধাগুলো তিনি নিশ্চিত করার চেষ্টা করবেন।
হাসিনা রহমান অভিযোগ করেন, একজন প্রার্থী দলবল নিয়ে তাঁর কর্মী ও ভোটারদের হুমকি দিচ্ছেন।
এতে তাঁর প্রচারণা চালাতে সমস্যা হচ্ছে। প্রশাসন কঠোর পদক্ষেপ না নিলে এই এলাকার অনেক ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন।
অপরদিকে নার্গিস আক্তার বাগেরহাট পৌর মহিলা দলের যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য। ২০১১ সালের পৌরসভা নির্বাচনে সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচন করে পরাজিত হন তিনি।
নার্গিস বলেন, এলাকার নারীদের অসংখ্য সমস্যা। কিন্তু তাঁরা পুরুষ কাউন্সিলরদের কাছে তাঁদের সমস্যা জানাতে পারেন না। এই বিষয়টি দেখে তিনি কাউন্সিলর পদে নির্বাচন করতে আগ্রহী হয়েছেন। তা ছাড়া এলাকায় সুপেয় পানি একটি বড় সমস্যা। তিনি তা দূর করার চেষ্টা করবেন।
নার্গিস আক্তার বলেন, এলাকার নির্বাচনী পরিবেশ শেষ পর্যন্ত স্বাভাবিক থাকবে বলে তাঁর আশা।
বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান ২০০৪ সাল থেকে টানা তিনবার মেয়র নির্বাচিত হয়েছেন।
তিনি বলেন, ১৯৫৮ সালে বাগেরহাট পৌরসভা প্রতিষ্ঠার পর থেকে তাঁর জানামতে এই প্রথম কোনো নারী সাধারণ কাউন্সিলর পদে প্রার্থী হলেন। এটা তাৎপর্যপূর্ণ। তাঁরা বাগেরহাট পৌরসভার উন্নয়নে একসঙ্গে কাজ করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।