৫৭ বাংলাদেশি জেলেকে হস্তান্তর বিএসএফের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে চার মাস কারাভোগের পর ৫৭ জন বাংলাদেশি জেলেকে ফেরত দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালীর সীমান্ত নদী কালিন্দির শূন্য রেখায় বিজিবির কাছে এসব জেলেকে বিএসএফ হস্তান্তর করে।
নীলডুমুর-৩৪ বিজিবির কৈখালী সীমান্তচৌকির (বিওপি) কোম্পানি কমান্ডার জসিম উদ্দিন বলেন, ২০১৫ সালের ৮ নভেম্বর এসব জেলে বঙ্গোপসাগর এলাকায় মাছ শিকারের সময় অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় কোস্টগার্ড সদস্যদের হাতে আটক হন। আইনগত প্রক্রিয়া শেষে ভারতের আলীপুর সেন্ট্রাল জেলে কারাভোগের পর বিএসএফ তাঁদের দেশে ফেরত পাঠায়। এ সময় তাঁদের দুটি ইঞ্জিনচালিত ট্রলারও ফিরিয়ে দেয় বিএসএফ। ফিরে আসা জেলেদের বাড়ি বৃহত্তর চট্টগ্রাম, পটুয়াখালী ও কক্সবাজার জেলায়।
গতকাল বেলা ১১টার দিকে তাঁদের হস্তান্তর করা হয়। এ সময় বিজিবি-৩৪ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আবদুল্লাহ আল মামুন, কৈখালী বিওপির কোম্পানি কমান্ডার জসিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।