৫৭ লাখ টাকা আত্মসাৎ!
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা চেক জালিয়াতির মাধ্যমে প্রায় ৫৭ লাখ টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। যুব উন্নয়ন অধিদপ্তরের ঢাকা কার্যালয়ের মহাপরিচালকের স্বাক্ষর করা এক চিঠিতে সরকারি টাকা আত্মসাতের অভিযোগে তাঁকে ৭ জুলাই সাময়িকভাবে বরখাস্ত করার নির্দেশ দেওয়া হয়।যুব উন্নয়ন অধিদপ্তরের ঠাকুরগাঁও কার্যালয়ের উপপরিচালক কে এম আবদুল মতিন জানান, ঠাকুরগাঁও সদর উপজেলার ছিট রহিমানপুর গ্রামের মো. মনিরউদ্দিনের ছেলে আবুল কালাম আজাদ ১৯৯৯ সালে বালিয়াডাঙ্গী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হিসেবে যোগ দেন। ২০০৫ সালে তিনি রানীশংকৈল উপজেলায় বদলি হন। তবে বালিয়াডাঙ্গীর যুব উন্নয়ন কর্মকর্তার পদ শূন্য থাকায় তিনি ওই কার্যালয়ের অতিরিক্ত দায়িত্ব পান। বালিয়াডাঙ্গী ও রানীশংকৈল উপজেলার সোনালী ব্যাংক শাখায় যুব উন্নয়নের মূলধন আদায় হিসাব, প্রবৃদ্ধি হিসাব, ঝুঁকি তহবিল, প্রশাসনিক ব্যয়, কর্ম পুরস্কার, অগ্রিম সঞ্চয়, মাসিক সঞ্চয় ও গ্রুপ তহবিলের ১৬টি হিসাব রয়েছে। সেসব হিসাবে ৫০ লাখের বেশি টাকা গচ্ছিত ছিল। উপজেলা কর্মকর্তা ও হিসাবরক্ষকের যৌথ সইয়ে এসব হিসাব পরিচালিত হলেও আবুল কালাম আজাদ রানীশংকৈল ও বালিয়াডাঙ্গী উপজেলার অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর গৌতম চন্দ্র রায় ও জহির রায়হানের সই জাল করে বছরের পর বছর নিজ নামে টাকা তুলেছেন। ৫ জুলাই থেকে আবুল কালাম আজাদ পলাতক রয়েছেন।উপপরিচালক কে এম আবদুল মতিন ৫ জুলাই বালিয়াডাঙ্গী কার্যালয় পরিদর্শনে এসে যুব উন্নয়ন কর্মকর্তা আবুল কালাম আজাদকে পাননি। এ সময় তিনি ওই কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটরকে ব্যাংক হিসাব দেখাতে বলেন। পরে তিনি সোনালী ব্যাংকের বালিয়াডাঙ্গী শাখার ব্যবস্থাপকের সই দেওয়া ব্যাংক হিসাব বিবরণীর সঙ্গে ব্যাংকে জমার গরমিল খুঁজে পান। শেষে তিনি আটটি হিসাবে ২৬ লাখ ২৩ হাজার ৭২৯ টাকার গরমিল পেয়ে ব্যাংক হিসাব বিবরণীটি ব্যবস্থাপককে দেখান। ব্যাংক ব্যবস্থাপক তাঁকে জানিয়ে দেন, দাখিল করা ব্যাংক হিসাব বিবরণী ভুয়া ও সেখানে যে সই রয়েছে সেটা জাল। ওই দিনই আবদুল মতিন রানীশংকৈল উপজেলার ব্যাংক হিসাব যাচাই করে একইভাবে গরমিল খুঁজে পান। সেখানেও যুব উন্নয়নের জেলা কার্যালয়ে যে ব্যাংক হিসাব বিবরণী জমা দেওয়া হয়েছে, সেটা থেকে ৩০ লাখ ৬০ হাজার আট টাকার গরমিল পান। আবুল কালাম আজাদ উপপরিচালক আবদুল মতিনের বরাবর ১২ জুলাই চিকিৎসার জন্য তিন মাসের ছুটির আবেদন করেন এবং ওই আবেদনের সঙ্গে তিনি একটি চিঠি পাঠান। সেই চিঠিতে তিনি উল্লেখ করেন, একটি কার্যালয়ের প্রধান হয়ে সরকারি অর্থ আত্মসাতের দায় তিনি কোনোভাবেই এড়াতে পারেন না। তবে অর্থ আত্মসাতের ঘটনার সঙ্গে ওই দুই কার্যালয়ের এমএলএসএস ছাড়া সব পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী জড়িত। আবদুল মতিন চিঠি পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। সোনালী ব্যাংক রানীশংকৈল শাখার ব্যবস্থাপক বিমল কুমার দেববর্মা বলেন, ‘আমরা চেক দেখে টাকা পরিশোধ করেছি। তাছাড়া যুব কর্মকর্তাকে আমরা ব্যক্তিগতভাবে চিনি বলে সন্দেহ করিনি। তাঁর জমা দেওয়া ব্যাংক হিসাব বিবরণীতে যে সই রয়েছে সেটা আমার নয়।’ আবুল কালাম আজাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।যুব উন্নয়নের উপপরিচালক কে এম আবদুল মতিন বলেন, ‘পরিদর্শনে গিয়ে কিছু অনিয়ম পাওয়ার পর আমি সরেজমিনে দুই উপজেলার ব্যাংক হিসাব যাচাই করে বড় ধরনের গরমিল পাই। আবুল কালাম আজাদ চেক জালিয়াতি করে নিজ নামে সরকারি টাকা আত্মসাৎ করেছেন বলে প্রমাণ পাওয়া গেছে।