৫৭ শতাংশ শিশুশ্রমিক মারধরের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্মক্ষেত্রে বাংলাদেশের ৫৭ শতাংশ শিশু শ্রমিক মারধরের শিকার হয়। আর প্রায় ৪৬ শতাংশ শিশু শ্রমিককে গালিগালাজ করা হয়। যেসব শিশু শ্রমিক গৃহকর্মীর কাজ করছে, তাদের মধ্যে ৬৬ শতাংশ মানসিক নির্যাতন এবং ৭ শতাংশ হয় ধর্ষণের শিকার।
তবে যারা শিশুদের নির্যাতন করে, তাদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।
গতকাল রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে দ্য নিলসেন কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড পরিচালিত ‘অসংগঠিত খাতে শিশুশ্রমের অবস্থা’ শীর্ষক এক গবেষণা প্রতিবেদন উপস্থাপন করা হয়। সেখানে শিশুশ্রমের এমন অবস্থা উঠে আসে। ঢাকা (উত্তর-দক্ষিণ), চট্টগ্রাম এবং খুলনা সিটি করপোরেশনের বিভিন্ন অপ্রাতিষ্ঠানিক খাতে কর্মরত ৬০০ শিশু শ্রমিকের (ছেলে ও মেয়ে) ওপর এই গবেষণা প্রতিবেদন তৈরি করা হয়। গত বছরের সেপ্টেম্বর মাসে পরিচালিত এই গবেষণায় আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি ও ইউরোপীয় ইউনিয়ন।
গবেষণাটি যেসব শিশুর ওপর পরিচালনা করা হয়, তাদের ৫২ শতাংশের বয়স ছিল ১৫-১৮ বছর, ৪৪ শতাংশ ছিল ১০-১৪ বছর এবং ৪ শতাংশ শিশু শ্রমিকের বয়স ছিল ৫-৯ বছর। গবেষণায় দেখা যায়, এসব শিশুর ৭৯ শতাংশ প্রাথমিক শিক্ষা সমাপ্ত হওয়ার আগেই ঝরে পড়ে। বিভিন্ন অপ্রাতিষ্ঠানিক খাতে কর্মরত এসব শিশু শ্রমিক দৈনিক ১০ ঘণ্টার ওপরে কাজ করে। মাসে আয় করে মাত্র ১ হাজার ৪০০ থেকে ৫ হাজার টাকা। ৮০ শতাংশ শিশুর কর্মক্ষেত্রে কোনো ওভারটাইমের সুযোগ নেই। তবে ২২ শতাংশ শ্রমিক বর্তমানে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত আছে। একই সঙ্গে ৩৫ শতাংশ শিশু শ্রমিকের জন্য তাদের কর্মক্ষেত্রে কোনো ধরনের খাবার কিংবা সুপেয় পানির ব্যবস্থা থাকে না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ এস এম আমানউল্লাহ গবেষণা প্রতিবেদনটি উপস্থাপন করেন। গবেষণা প্রতিবেদনে তিনি ঝালাই কারখানায় মারধরের শিকার হওয়া এক শিশু শ্রমিকের বক্তব্য উল্লেখ করেছেন। সেখানে ওই শিশু শ্রমিক বলেছে, যখন তাকে মারা হয়, তখন অনেকে দাঁড়িয়ে দেখে, কিন্তু এগিয়ে আসে না। অনুষ্ঠানে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ বলেন, ‘শিশুর বাবা-মাকে সচেতন করতে না পারলে আমরা শিশুশ্রম নিরসন করতে পারব না।’
নিলসেনের ব্যবস্থাপনা পরিচালক এনাম মাহমুদের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য দেন পরিবার পরিকল্পনা সমিতির মহাসচিব মিজানুর রহমান খান, নির্বাহী পরিচালক আ ফ ম মতিউর রহমান প্রমুখ।