৫৭ হাজার কোটি টাকার প্রকল্প ৭৬ শতাংশ বরাদ্দ সরকারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলমান স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি খাত উন্নয়ন কর্মসূচির (এইচপিএনএসডিপি) জন্য পাঁচ বছরে ৫৬ হাজার ৯৯৩ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। এতে ৭৬ শতাংশ বরাদ্দ সরকারের। বাকি ২৪ শতাংশ আসবে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে।গতকাল বৃহস্পতিবার এইচপিএনএসডিপির লোগো উন্মোচন অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই তথ্য দেওয়া হয়। অনুষ্ঠানে বলা হয়, নতুন এই কর্মসূচি ২০১১ সালের জুলাইয়ে শুরু হয়েছে। শেষ হবে ২০১৬ সালের জুন মাসে।কর্মসূচি সম্পর্কে মূল উপস্থাপনায় বলা হয়, এইচপিএনএসডিপি ৩২টি পৃথক অপারেশনাল প্ল্যানের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। মন্ত্রণালয়সহ স্বাস্থ্য অধিদপ্তর, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ওষুধ প্রশাসন অধিদপ্তর, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, সেবা পরিদপ্তর এবং নিপোর্ট পাঁচ বছর মেয়াদি এই কর্মসূচি বাস্তবায়ন করছে। বিশ্বব্যাংক ও জাপানের উন্নয়ন সংস্থা এতে ঋণ-সহায়তা দিচ্ছে। যুক্তরাজ্যের ডিএফআইডি, সুইডিস সিডা, ইউএসএআইডি, কানাডিয়ান সিডা, অস্ট্রেলিয়ান এইড, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ, ইউএনএফপিএসহ আরও কিছু সংস্থা কর্মসূচিতে অনুদান দিচ্ছে।অনুষ্ঠানের প্রধান অতিথি স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেন, স্বাস্থ্য খাতে উন্নতির ক্ষেত্রে বাংলাদেশ সঠিক পথে চলছে। তিনি বলেন, পরিসংখ্যান বলে জনসংখ্যা নিয়ন্ত্রণে অনেক অগ্রগতি আছে, তবে তা দৃশ্যমান নয়।এর আগে স্বাস্থ্যমন্ত্রী এইচপিএনএসডিপির লোগো আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন। লোগোতে ‘আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার’ স্লোগান ব্যবহার করা হয়েছে।এইচপিএনএসডিপি বাস্তবায়িত হলে কী অর্জিত হবে তাও অনুষ্ঠানে বলা হয়। এর মধ্যে আছে: শিশু মৃত্যুহার প্রতি হাজারে ৫২ থেকে ৩১-এ এবং মাতৃ মৃত্যুহার প্রতি লাখ জীবিত জন্মে ১৯৪ থেকে ১৪৩-এ কমিয়ে আনা। এই সময়ে সরকারি স্বাস্থ্যকেন্দ্রে অতিরিক্ত তিন হাজার ধাত্রী নিয়োগ করা হবে। নার্সিং কলেজ আটটি থেকে ১৬টি এবং নার্সের সংখ্যা ২৭ হাজার থেকে ৪০ হাজার বাড়ানো হবে। এই সময়ে দক্ষ প্রসবকারীর মাধ্যমে প্রসবের হার শতকরা ২৬ থেকে ৫০-এ উন্নীত করা হবে। প্রজনন হার ২ দশমিক ৫ থেকে কমিয়ে ২ করা হবে। অনুষ্ঠানে ডিএফআইডির প্রতিনিধি ডানিয়েল ডেভিস বলেন, স্বাস্থ্য খাতে ব্যক্তি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ইউএসএআইডির প্রতিনিধি রিচার্ড গ্রিন বলেন, ইউএসএআইডির উন্নয়ন কর্মকৌশল ও বাংলাদেশ সরকারের কর্মকৌশলের মধ্যে কিছু মিল আছে। বিশ্বব্যাংকের প্রতিনিধি বলেন, ক্রমবর্ধমান নগরায়ণ ও জলবায়ু পরিবর্তন উন্নয়নের ওপর বড় ধরনের বোঝা হিসেবে দেখা দিয়েছে।স্বাস্থ্যসচিব মুহাম্মদ হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরে মহাপরিচালক খন্দকার মো. সিফায়েত উল্লাহ, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক এম এম নিয়াজউদ্দীন বক্তব্য দেন।