৫৭০০ কোটি টাকার সম্পদের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুল আলোচিত হল-মার্ক গ্রুপের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও মহাব্যবস্থাপকের মুক্তির দাবি জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। গতকাল রোববার সকালে সংবাদ সম্মেলন করে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মহাব্যবস্থাপক শামীম আল মামুন। ঢাকা ও সাভারের বিভিন্ন টেলিভিশন চ্যানেলের বেশ কয়েকজন সাংবাদিককে সংবাদ সম্মেলনে আমন্ত্রণ জানানো হলেও প্রথম আলো, সমকাল, ইত্তেফাক, কালের কণ্ঠ ও জনকণ্ঠ-এর সাংবাদিকদের ওই সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়নি। লিখিত বক্তব্যে মহাব্যবস্থাপক শামীম আল মামুন বলেন, ঋণ গ্রহণের বিপরীতে পাঁচ হাজার ৭০০ কোটি টাকার সম্পদ বন্ধক বা বন্ধকের প্রস্তাব দেওয়ার পরও দায়দেনার অসংগতি ও অনিয়মের কারণে দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জেসমিন ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ ও মহাব্যবস্থাপক তুষার আহমেদের বিরুদ্ধে মামলা দায়ের করে। ওই মামলায় গ্রেপ্তার হয়ে তাঁরা বর্তমানে জেলহাজতে রয়েছেন। এ কারণে প্রতিষ্ঠানটির সব কারখানা বন্ধ থাকায় কয়েক হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছেন। চেয়ারম্যান ও এমডি জেলে থাকায় প্রতিষ্ঠানটিও ধংস হওয়ার উপক্রম হয়ে পড়েছে। তাই শ্রমিকদের স্বার্থসহ প্রতিষ্ঠানটিকে ধ্বংসের হাত থেকে রক্ষায় তাঁদের ছেড়ে দেওয়ার দাবি জানান তিনি। এদিকে সংবাদ সম্মেলনে হল-মার্ক গ্রুপের শতভাগ রপ্তানিমুখী অর্ধশত কারখানা থাকার দাবি করা হলেও বাস্তবে তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তেঁতুলঝোড়া এলাকায় হল-মার্ক গ্রুপের মূল শিল্পপার্ক এলাকা ঘুরে চালু ছিল এমন মাত্র তিনটি কারখানার অস্তিত্ব চোখে পড়ে। এ ছাড়া সাভার ধামরাইয়ের বিভিন্ন মৌজা থেকে ক্রয় করা যেসব জমির প্রতি শতাংশের মূল্য দেখানো হয়েছে ২৪ থেকে সাড়ে ২৮ লাখ টাকা, প্রকৃতপক্ষে ওই সব জমির মূল্য অনেক কম বলে জানা যায়। স্থানীয় লোকজনের সঙ্গে আলাপ করেও জানা গেছে ওই সব এলাকায় প্রতি শতাংশ জমির মূল্য স্থানভেদে দুই থেকে পাঁচ লাখ টাকা।সদ্য বদলি হয়ে যাওয়া সাভারের সহকারী কমিশনার (ভূমি) আবু জাফর রাশেদ জানান, ভুয়া পর্চার মাধ্যমে জমির শ্রেণী পরিবর্তনসহ দাগ-নম্বর গরমিল করে মূল্য কম দেখানোর কারণে হল-মার্ক গ্রুপের অন্তত ৩০০ খারিজের আবেদন বাতিল করা হয়েছে। ওই সব আবেদনে প্রতি শতাংশ জমির মূল্য ৫০ হাজার টাকার বেশি দেখানো হয়নি।এসব বিষয়ে জানতে চাইলে মহাব্যবস্থাপক শামীম আল মামুন বলেন, ‘সংবাদ সম্মেলনে যেসব তথ্য উপস্থাপন করা হয়েছে সেটাই আমার বক্তব্য। এর বাইরে আমার আর কিছু জানা নেই।’