৫৮ একর খাসজমি বেদখল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ১০টি ইউনিয়ন ও সোনারগাঁ পৌরসভার ৫৮ একর সরকারি জমি প্রভাবশালী ব্যক্তি ও বিভিন্ন শিল্পকারখানার মালিকেরা দখল করে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলা ভূমি কার্যালয়ের করা তালিকা থেকে এ তথ্য পাওয়া গেছে।
উপজেলা ভূমি কার্যালয়ের জরিপকারী (সার্ভেয়ার) জামাল উদ্দিন ও মশিউর রহমান বলেন, সম্প্রতি তাঁরা উপজেলার ১০টি ইউনিয়ন ও সোনারগাঁ পৌরসভার বিভিন্ন স্থান পরিদর্শন করে সরকারি জমি দখলদারদের একটি তালিকা চূড়ান্ত করে জেলা প্রশাসক বরাবর দিয়েছেন। তালিকা অনুযায়ী সবচেয়ে বেশি সরকারি জমি দখল হয়েছে পিরোজপুর ইউনিয়নে। ওই ইউনিয়নে ২৩ দশমিক ১৩৫০ একর খাসজমি ইতিমধ্যে দখল করে নেওয়া হয়েছে। এ ছাড়া মোগরাপাড়া ইউনিয়নে ১২ দশমিক ২৯৮৪ একর, সোনারগাঁ পৌরসভায় ৩ দশমিক ১৬ একর, সাদিপুরে ১১ দশমিক ৬০ একর, কাঁচপুরে ১ একর, বারদীতে ২ দশমিক ৩৫ একর, সনমান্দিতে ১ দশমিক ৭৪ একর, বৈদ্যেরবাজারে ১ দশমিক ২৫০ একর ও জামপুর ইউনিয়নে শূন্য দশমিক ৩৫২০ একর খাসজমি দখল হয়েছে।
পিরোজপুর ইউনিয়নে খাসজমি দখলকারী প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে আনন্দ মেঘনা সিটি আবাসিক প্রকল্প, বাংলাদেশ ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড, আল-মোস্তফা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। এ ছাড়া কোরবানপুর গ্রামের তাজুল ইসলাম ও প্রতাপেরচর গ্রামের কামাল হোসেন, খাসেরচর গ্রামের ইব্রাহিম মিয়া এবং কাঁচপুর ইউনিয়নের করিম খান, সালাম খান, কবির খান, সুরুজ্জামান মিয়া, জামাল হোসেন, আজিজুল হক, আবদুল জব্বার, শরীফ মোল্লা ও আবদুর রউফের নাম দখলদারদের তালিকায় রয়েছে। কাঁচপুরের আজিজুল হক ও আবদুল জব্বার বলেন, ‘পড়ে থাকায় আমরা দখল করেছি। সরকার চাইলে দখল ছেড়ে দেব।’ আল-মোস্তফা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের মালিক মোস্তফা কামাল বলেন, ‘সরকারি সম্পত্তি চিরস্থায়ী বন্দোবস্ত নেওয়ার জন্য সরকারের কাছে আবেদন করেছি।’
ডিসি আনিসুর রহমান মিঞা জানান, সোনারগাঁয়ের বিভিন্ন স্থানে যেসব প্রতিষ্ঠান ও ব্যক্তি অবৈধভাবে খাসজমি দখল করেছেন, তাঁদের নোটিশ দিয়ে উচ্ছেদ করা হবে।