পটুয়াখালী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক ও সহকারী পরিচালকসহ চিকিৎসকের ৫৮টি পদ থাকলেও বর্তমানে কর্মরত আছেন মাত্র ১৮ জন। এ অবস্থায় অন্য বিভাগ থেকে দুজন চিকিৎসক এনে চালাতে হচ্ছে জরুরি বিভাগ। বহির্বিভাগে কোনো চিকিৎসক নেই। সিভিল সার্জনের কার্যালয়ের তিন চিকিৎসা সহকারীকে দিয়ে চলছে বহির্বিভাগ।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১৯৭৯ সালে শহরের কালিকাপুর এলাকায় নির্মাণ করা হয় ১০০ শয্যার জেনারেল হাসপাতাল। ১৯৯৬ সালে সেটিকে ১৫০ শয্যায় ও ২০০৫ সালে ২৫০ শয্যায় উন্নীত করা হয়। হাসপাতালের অবকাঠামোগত উন্নতি হলেও লোকবলের কোনো উন্নতি হয়নি। উল্টো ১০০ শয্যার হাসপাতালের লোকবলের যে ঘাটতি ছিল, তা দিয়েই ২৫০ শয্যার এই হাসপাতালটি চলছে। বর্তমানে কর্মরত ১৮ চিকিৎসকের মধ্যে তত্ত্বাবধায়ক, সহকারী পরিচালক—এই দুজন প্রশাসনিক কাজ নিয়ে ব্যস্ত থাকেন। সিনিয়র কনসালট্যান্টের ১০টি পদ থাকলেও শুধু গাইনি, অ্যানেসথেসিয়া ও মেডিসিন ছাড়া অন্য সাতটি পদ শূন্য। জুনিয়ার কনসালট্যান্টের ১১টি পদে কর্মরত আছেন মাত্র পাঁচজন। চিকিৎসা কর্মকর্তার ১০টি পদ থাকলেও কর্মরত আছেন মাত্র চারজন। এর মধ্যে একজন মাতৃত্বকালীন ছুটিতে আছেন। সহকারী রেজিস্ট্রারের ১১টি পদে কর্মরত আছেন মাত্র তিনজন।গত বৃহস্পতিবার সকালে সরেজমিনে দেখা যায় চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের দীর্ঘ লাইন। চিকিৎসক-সংকটের কারণে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তাঁদের। লাইনে দাঁড়িয়ে থাকা রহিমা বেগম জানান, তাঁর শিশুপুত্র সোহেল (৫) বেশ কদিন ধরে জ্বরে ভুগছে। তাকে নিয়ে টিকিট কেটে আধা ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে চিকিৎসকের দেখা পান। বহির্বিভাগে তিনজন চিকিৎসা সহকারী রোগীদের চিকিৎসাসেবা দিচ্ছেন। হাসপাতালের ভারপ্রাপ্ত চিকিৎসা কর্মকর্তা এইচ এম হাবিবুর রহমান জানান, চিকিৎসা সহকারীরা সিভিল সার্জনের অধীন। হাসপাতালে চিকিৎসক-সংকটের কারণে তাঁদের এখানে এনে কার্যক্রম চালিয়ে নেওয়া হচ্ছে। হাসপাতালের তত্ত্বাবধায়ক এ বি এম শামছুল আলম বলেন, এখন চিকিৎসক-সংকট চরমে। যতসংখ্যক রোগী আসে, তাতে জরুরি বিভাগে চিকিৎসকের প্রয়োজন ছয়জন। কিন্তু বর্তমানে অন্তর্বিভাগের দুই চিকিৎসা কর্মকর্তা দিয়ে জরুরি বিভাগ চালাতে হিমশিম খেতে হচ্ছে। সব মিলিয়ে বহির্বিভাগ চালানো অসম্ভব হয়ে পড়েছে। তিনি জানান, চিকিৎসক-সংকটের বিষয়টি ১৯ অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবরে চিঠি দিয়ে জানানো হয়েছে। চিঠিতে জরুরি ভিত্তিতে শূন্যপদে চিকিৎসক নিয়োগের জন্য অনুরোধ জানানো হয়েছে।