ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সাবেক সাংসদ মেজর জেনারেল (অব.) আবদুস সালামের গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগে গত রোববার নান্দাইল মডেল থানায় দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে।
গত রোববার সকালে থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম ভূঁইয়া। এ বিষয়ে গতকাল সোমবার মুঠোফোনে জানতে চাইলে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান মামলাটি দ্রুত বিচার আইনে নথিভুক্ত করার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
এজাহার সূত্রে জানা গেছে, হামলার ঘটনায় ৫৮ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ১৫ জনকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে ইউনিয়ন পরিষদের (ইউপি) দুজন চেয়ারম্যান রয়েছেন। তাঁরা হলেন চণ্ডীপাশার মো. এমদাদুল হক ভূঁইয়া ও শেরপুরের মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া। এ ছাড়া উপজেলা ছাত্রলীগের একাধিক নেতা এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা রয়েছেন। আসামিদের প্রায় সবাই বর্তমান সাংসদ মো. আনোয়ারুল আবেদিন খানের সমর্থক বলে এলাকায় পরিচিত।
গত শনিবার দুপুরে উপজেলার চকমতি নতুন বাজারে মুশুলি ইউনিয়ন আওয়ামী লীগ ও বর্তমান সাংসদ আনোয়ারুল আবেদিন খানের সমর্থকেরা আওয়ামী লীগের ব্যানারে পাল্টাপাল্টি সমাবেশের ডাক দেয়। সংঘর্ষ এড়াতে উপজেলা প্রশাসন সমাবেশস্থলে ১৪৪ ধারা জারি করে। এই প্রেক্ষাপটে সাবেক সাংসদ আবদুস সালাম সমাবেশ স্থলের প্রায় ২০০ গজ দূর থেকে গাড়ি ঘুরিয়ে নান্দাইল সদরে ফিরে যাচ্ছিলেন। ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল চৌরাস্তা এলাকায় পৌঁছালে তাঁর গাড়িতে হামলা হয়।