৫৮ জেলায় আই-জেন প্রতিযোগিতা আজ

স্কুলপর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে ইন্টারনেট সম্পর্কে সচেতনতা ও আগ্রহ তৈরির জন্য গতকাল শনিবার থেকে সারা দেশে শুরু হয়েছে গ্রামীণফোন-প্রথম আলো আই-জেন ২০১৫। প্রথম দিনে গতকাল দেশের ৬১টি জেলায় ৬১টি স্কুলে এ আয়োজন হয়৷ এতে অষ্টম থেকে দশম শ্রেণিপড়ুয়া প্রায় ২১ হাজার শিক্ষার্থী অংশ নেয়৷ আয়োজনের দ্বিতীয় দিনে আজ ৫৮ জেলায় আই-জেন অনুষ্ঠিত হবে৷ গ্রামীণফোন ও প্রথম আলোর উদ্যোগে সারা দেশে ইন্টারনেট উৎসবের এই বিরাট আয়োজন বাস্তবায়ন করছে প্রথম আলো বন্ধুসভা৷ এ আয়োজনের সহযোগী শিক্ষা মন্ত্রণালয়। তিন সপ্তাহজুড়ে স্কুলপর্যায়ের কার্যক্রম অনুষ্ঠিত হবে দেশের সব কটি জেলার দুই হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে। এতে ছয় লাখের বেশি শিক্ষার্থীর অংশগ্রহণ আশা করা হচ্ছে।
যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে গতকাল আই-জেন অনুষ্ঠিত হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বরিশালের অক্সফোর্ড মিশন মাধ্যমিক বিদ্যালয়, গোপালগঞ্জের এস এম মডেল সরকারি উচ্চবিদ্যালয়, নোয়াখালীতে অরুণ চন্দ্র উচ্চবিদ্যালয়, কুমিল্লার ইউসুফ হাইস্কুল, দিনাজপুর স্কুল অব লিবারেটরস, কুড়িগ্রামের উলিপুর মহারানী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ, টাঙ্গাইলের পুলিশ লাইন্স আদর্শ উচ্চবিদ্যালয়, চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার চরমোহনপুর উচ্চবিদ্যালয়, সিরাজগঞ্জের ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয়, পিরোজপুরের টাউন মাধ্যমিক বিদ্যালয়, ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের লায়ন ফিরোজুর রহমান রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মাগুরা সরকারি উচ্চবিদ্যালয়, ফরিদপুর জিলা স্কুল, মৌলভীবাজার আলী আমজদ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, সিলেটের কিশোরী মোহন বালিকা উচ্চবিদ্যালয় ও চাঁদপুরের লেডি প্রতিমা মিত্র বালিকা উচ্চবিদ্যালয়৷
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতান ইউনিয়নের লায়ন ফিরোজুর রহমান রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নিয়াজ মোহাম্মদ বলেন, ডিজিটাল তথ্যপ্রযুক্তির এই যুগে ইন্টারনেটের ব্যবহার না জানা মানে অন্ধকারে বসবাস করা। তিনি এ আয়োজনের প্রশংসা করে সবাইকে ইন্টারনেট ব্যবহারে আরও সচেতন ও সতর্ক হওয়ার আহ্বান জানান৷
আই-জেনে প্রতিটি স্কুলের মূলত দুটি অংশ আছে৷ এতে শিক্ষার্থীরা ইন্টারনেট ব্যবহারের মৌলিক কিছু নিয়মকানুন হাতে-কলমে জানতে পারছে৷ এ ছাড়া শিক্ষার্থীরা ইন্টারনেটকে কীভাবে পড়াশোনা ও জ্ঞানার্জনে আরও ভালোভাবে কাজে লাগাতে পারে সে বিষয়ে কর্মশালা হচ্ছে৷ পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে ইন্টারনেট ও প্রযুক্তিজ্ঞান নিয়ে আই-জেন প্রতিযোগিতা হচ্ছে। একটি সংক্ষিপ্ত মেধা যাচাই পরীক্ষার মাধ্যমে প্রতিটি স্কুল থেকে ১০ জনের একটি দল নির্বাচন করা হয় যারা পরবর্তী পর্যায়ের প্রতিযোগিতায় তাদের স্কুলের প্রতিনিধিত্ব করবে। ধাপে ধাপে প্রতিযোগিতার পর দেশসেরা দল ও স্কুলের জন্য থাকবে বিদেশভ্রমণ, শিক্ষাবৃত্তি ও ডিজিটাল ক্লাসরুম স্থাপনের মতো আকর্ষণীয় পুরস্কার। গ্রামীণফোন-প্রথম আলো আই-জেন ২০১৫-তে আরও সহযোগিতা করছে অ্যালপেনলিবে, মাইক্রোসফট, অপেরা মিনি, এখানেই ডট কম, রেক্সোনা, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, উরি ব্যাংক, রেডিও ফুর্তি ও চ্যানেল আই।