
সড়ক-মহাসড়কে বাস-ট্রাক-অটোরিকশাচালকদের বেপরোয়াভাবে গাড়ি চালনা থামছেই না। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় প্রাণহানিও চলছে। গত শুক্রবার রাত থেকে গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ১১ জেলায় সড়কে প্রাণ গেছে বাবা-মেয়েসহ ২২ জনের। তাঁদের মধ্যে ময়মনসিংহে ছয়জন নিহত হয়েছেন।
এ নিয়ে গত ৫৮ দিনে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন অন্তত ৫১৬ জন।
অবশ্য বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির হিসাবে, জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিন মাসে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ১ হাজার ৫৮৯ জন। জাতীয় ও আঞ্চলিক ১০টি পত্রিকা এবং টেলিভিশন চ্যানেলের খবর পর্যালোচনা করে তারা এই হিসাব তৈরি করেছে।
জানতে চাইলে সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘চালককে লাইসেন্স ও যানবাহনের ফিটনেস সনদ দেওয়ার প্রক্রিয়া ত্রুটিপূর্ণ। আইনের প্রয়োগ হয় না ঠিকভাবে। সড়কের কারিগরি সমস্যা আছে কি না, তা দেখার কেউ নেই। এমন অব্যবস্থাপনার মধ্যে সড়ক দুর্ঘটনায় মানুষের মৃত্যুর ঘটনা দেখা ছাড়া আর কী করার আছে। হয় অব্যবস্থাপনা বন্ধ করতে হবে, নতুবা মৃত্যুর মিছিল মেনে নিতে হবে। এখন সবকিছুই আমাদের হাতে।’
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে প্রথম আলোর সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি ও আঞ্চলিক কার্যালয়ের পাঠানো খবর:
ময়মনসিংহের ফুলপুর, ভালুকা ও নান্দাইল উপজেলায় ছয়জন নিহত হয়েছেন। ফুলপুরে নিহত ব্যক্তিরা হলেন ময়মনসিংহ শহরতলির দিঘারকান্দা গ্রামের শহীদ (৪২) ও হৃদয় (২০), এবং ময়মনসিংহ শহরের কেওয়াটখালি এলাকার ইদ্রিস (৪২)। ভালুকায় নিহত ব্যক্তিরা হলেন ভালুকা পৌর শহরের মুচিরভিটা এলাকার কামরুল ইসলাম (৩০) ও মুন্সিগঞ্জের লৌহজংয়ের রিপন (৪০)। নান্দাইলে নিহত মোস্তাকিম (১১) উপজেলার পুরহরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।
শুক্রবার রাতে ব্যবসায়ী শহীদ, হৃদয় ও ইদ্রিস শেরপুর থেকে মুরগি নিয়ে পিকআপ ভ্যানে ময়মনসিংহে আসছিলেন। পথে ফুলপুর উপজেলার ভাইটকান্দি এলাকায় ট্রাকের সঙ্গে পিকআপটির সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তাঁরা মারা যান। গতকাল সকালে ভালুকার কাঠালী নায়েবের বাজার এলাকায় পোশাক কারখানার শ্রমিক বহনকারী একটি বাস উল্টে মারা যান কামরুল ও রিপন। এ দুর্ঘটনায় অন্তত আরও ২০ জন পোশাকশ্রমিক আহত হন। তাঁদের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। নান্দাইলে মোটরসাইকেল চাপায় গতকাল দুপুরে গুরুতর আহত শিশু মোস্তাকিম (১১) হাসপাতালে নেওয়ার পর মারা গেছে। নান্দাইল-জাহাঙ্গীরপুর সড়কের জনতা বাজারের সামনে এ ঘটনা ঘটে।
গোপালগঞ্জের মুকসুদপুরে শুক্রবার রাতে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কে ট্রাক উল্টে তিনজন নিহত ও ট্রাকটির আরও ছয় যাত্রী আহত হন। তাঁদের মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন ভোলা সদর উপজেলার কন্দপপুর গ্রামের দুলাল ব্যাপারী (৫০) ও গিয়াস উদ্দিন (২৮) এবং রামদাসপুর গ্রামের বিল্লাল মাঝি (৪৫)। তাঁরা সবাই মাছ ব্যবসায়ী। এ ঘটনায় ট্রাকচালক পালিয়েছেন।
বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে স্ত্রী রাবেয়া বেগম (২৫) ও আড়াই বছরের মেয়ে কেয়ামনিকে নিয়ে কামাল হোসেন (৩০) অটোরিকশায় যাচ্ছিলেন। পথে কাভার্ড ভ্যানের চাপায় পিষ্ট হয়ে মারা গেছেন বাবা-মেয়ে। গুরুতর আহত হন রাবেয়া বেগম। গতকাল সকালে পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের উত্তর ধরান্দী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় জনতা কাভার্ড ভ্যানচালক ও তাঁর সহকারীকে ধরে পুলিশে দিয়েছে।
সিলেট নগরের শাহ পরান থানার নীপবন এলাকায় সিলেট-তামাবিল সড়কে গতকাল বিকেলে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। দুজনই অটোরিকশার যাত্রী। নিহত দুজনের নাম-পরিচয় জানতে পারেনি পুলিশ। শাহ পরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সী প্রথম আলোকে বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। লাশ উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
চট্টগ্রামের হাটহাজারীর নন্দিরহাট বাজারে গতকাল বিকেলে বালুবোঝাই ট্রাক একটি অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে এক নারীসহ দুজন নিহত ও তিনজন আহত হন। হতাহত ব্যক্তিরা অটোরিকশার যাত্রী ছিলেন। নিহত মোহাম্মদ মোজাম্মেলের (২১) বাড়ি ফতেপুর ইউনিয়নের হেলাল চৌধুরী পাড়ায়। ১৮ এপ্রিল তাঁর ওমানে যাওয়ার কথা ছিল। নিহত নারীর পরিচয় জানা যায়নি।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গার বড় গাংনী ইউনিয়নের সোহাগ মোড়ে গতকাল সকালে ইটবাহী ভটভটির ধাক্কায় আবু সুফিয়ান (৬২) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। তাঁর বাড়ি খাদিমপুর ইউনিয়নের আলিয়াটনগর গ্রামে। পেশায় তিনি কৃষক।
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের লাহিনী মোড়ে গতকাল সকালে ট্রাকের ধাক্কায় চাঁদ আলী (৬০) নামের এক সাইকেলচালক নিহত হয়েছেন। তিনি দবির মোল্লাগেট এলাকার বাসিন্দা।
গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গতকাল সকালে ট্রাকচাপায় মো. আলফাজ উদ্দিন (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর বাড়ি কুষ্টিয়ার খোকসার আমড়াবাড়ি এলাকায়। তিনি গাজীপুর শহরের তিন সড়ক এলাকায় স্প্যারো অ্যাপারেলস লিমিটেড নামের পোশাক কারখানার ব্যবস্থাপক ছিলেন। এর আগের দিন রাতে কালীগঞ্জের আড়িখোলা এলাকায় টঙ্গী-ঘোড়াশাল সড়কে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে রনি মিয়া (১৭) নামের এক কিশোর নিহত হয়। মুনসেফপুর এলাকার রনি ফার্নিচার দোকানে কাজ শেষে মোটরসাইকেলে সে বাসায় ফিরছিল।
বরিশাল মহানগরের হাটখোলার কসাইখানা এলাকায় গতকাল দুপুরে অটোরিকশার চাপায় জুবায়ের হোসেন (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। হাটখোলা মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র জুবায়ের ক্লাস শেষে বাসায় ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির অটোরিকশা তাকে চাপা দেয়।
ফরিদপুরের ভাঙ্গায় শুক্রবার রাতে ঢাকা-খুলনা মহাসড়কে নছিমন উল্টে নিহত হয়েছেন চালক ইয়াসিন মিয়া (৩৫)। তিনি ভাঙ্গা পৌরসভার চন্ডিদাসদী মহল্লার বাসিন্দা।
রংপুরের মিঠাপুকুরের বৈরিগঞ্জ সেতুর ওপর থেকে গতকাল সকালে মোটরসাইকেলসহ নদীতে পড়ে জুয়েল হোসেন (৪২) নামের এক ব্যক্তি নিহত হন। তাঁর বাড়ি মিঠাপুকুরের আলমনগর এলাকায়। সেতুর ওপর এক ব্যক্তিকে পাশ কাটাতে গিয়ে জুয়েল মোটরসাইকেলসহ নদীতে পড়ে যান।