৫৮ লাখ টাকার গন্তব্য নিয়ে মুখ খুলছেন না ইলিয়াছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে গত মঙ্গলবার পুলিশের তল্লাশিকালে ৫৮ লাখ টাকাসহ গ্রেপ্তার হওয়া ইলিয়াছ ভূঁইয়াকে এই টাকা জিয়া নামের তাঁর পরিচিত এক ব্যক্তি দিয়েছেন বলে প্রথম আলোর কাছে দাবি করেছেন তিনি। তবে টাকার গন্তব্যস্থল সম্পর্কে তিনি মুখ খোলেননি।
একই সঙ্গে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখার আলোচিত সার্ভেয়ার শহীদুল ইসলাম ওরফে মুরাদের সঙ্গে নিজের সম্পর্ক থাকার কথা স্বীকার করেছেন ইলিয়াছ। গতকাল বৃহস্পতিবার বেলা একটায় আদালত প্রাঙ্গণে এসব কথা বলেন তিনি। তাঁর ভাষ্যমতে, টাকার উৎস ওই ব্যক্তি হলেন নগরের আগ্রাবাদ পাঠানটুলী এলাকার বাসিন্দা জিয়া।
এদিকে ইলিয়াছকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের পাঁচ দিনের রিমান্ড আবেদনের ওপর আগামী রোববার ফের শুনানির দিন ধার্য করেছেন চট্টগ্রাম মহানগর হাকিম ফরিদ আলমের আদালত। গতকাল সন্ধ্যায় আবেদনের ওপর এক শুনানি শেষে এই দিন ধার্য করা হয়। এ ছাড়া নিয়মিত মামলা না করা এবং ইলিয়াছের মুঠোফোন উদ্ধারের পর সেটি জব্দ তালিকায় না দেখানোয় নগরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন ও ঘটনার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামানকে আগামী রোববার কারণ দর্শাতে বলেছেন আদালত।
মঙ্গলবার নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য পরিচয়ে অজ্ঞাতনামা এক ব্যক্তি মুঠোফোনে চট্টগ্রাম আদালত ভবন বোমায় উড়িয়ে দেওয়ার হুমকি দেন। ফোনটি পান সরকারের একজন কৌঁসুলি। ঘটনাটিতে সেদিন সকাল ১০টা থেকে ভবনটির নিরাপত্তা জোরদার করে পুলিশ। পরে তল্লাশি চালাতে গিয়ে পুলিশ ইলিয়াছকে (৩২) ওই টাকাসহ আটক করে। ইলিয়াছের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবায়।
ইলিয়াছকে গ্রেপ্তারের পর থেকে এখন পর্যন্ত পুরো ঘটনা সম্পর্কে সঠিকভাবে কোনো তথ্যই বের করতে পারেনি পুলিশ।
ইলিয়াছ যা বলেন: ইলিয়াছ ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘কারে (গাড়িতে) করে এসে জিয়া নামের এক পরিচিত বড় ভাই আমাকে টাকাগুলো দেয়। আমি ওইগুলো নিয়ে চট্টগ্রাম আদালতে আসি। কিছু বলার আগেই তল্লাশিকালে পুলিশ আমাকে ধরে ফেলে।’
এত টাকা আপনাকে জিয়া কেন দিলেন, জানতে চাইলে ইলিয়াছ বলেন, ‘আমি তার বিশ্বস্ত ছিলাম। তার বাসা আগ্রাবাদের পাঠানটুলী জানি। বাসা চিনি না।’ এই টাকার জন্য কাগজপত্র জোগাড় করে জিয়া থানায় আসবেন বলে দাবি করেন তিনি।
পুলিশের হাতে আটকের আগে জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ার শহীদুল আলম মুরাদের মুঠোফোনে ৩৫ বার ও পরে পাঁচবার ফোন কেন করেছিলেন—এ প্রসঙ্গে ইলিয়াছ বলেন, ‘মুরাদ আমার পরিচিত। তার বাড়ি আর আমার বাড়ি পাশাপাশি। ট্রেনে আসা-যাওয়ার সময় তার সঙ্গে আমার ঘনিষ্ঠ সম্পর্ক হয়।’
প্রথম আলোর সঙ্গে কথা বলতে বলতে একপর্যায়ে ইলিয়াছ বলেন, তাঁর মাথা ওলট-পালট হয়ে গেছে। ঘটনার দিন রেজিস্ট্রি অফিসে না গিয়ে আদালত ভবনে গিয়েছিলেন তিনি।
ইলিয়াছের আইনজীবীর বক্তব্য: গতকাল বিকেলে আদালতে ইলিয়াছের আইনজীবী নেজাম উদ্দিন নিজাম বলেন, ‘ইলিয়াছ জমি বিক্রি করে এবং টাকা জমিয়ে জায়গা কিনতে ব্রাহ্মণবাড়িয়া থেকে চট্টগ্রাম আসে।’
পুলিশের প্রাথমিক তদন্তে ইলিয়াছ কোনো জায়গা বিক্রি করেননি এবং তাঁর কোনো নির্দিষ্ট পেশা নেই বলে জানালে আইনজীবী বলেন, ‘তার (ইলিয়াছ) কাছে টাকা না থাকলেও দয়া করে কেউ তো তাকে জায়গা কিনতে টাকা দিতে পারেন।’ এত টাকা কেউ কাউকে দয়া করে দেয় কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখনো অনেক দয়াবান লোক আছেন।’ ইলিয়াছের পরিচিত পাঠানটুলীর জিয়াকে চেনেন কি না জানতে চাইলে তিনি চেনেন না বলে জানান।
আলোচিত সার্ভেয়ার শহীদুলের ভাষ্য: কোতায়ালি থানার পরিদর্শক (তদন্ত) নেজাম উদ্দিন জানান, ইলিয়াছকে টাকাসহ আটকের পর ঘটনাস্থলে এসেছিলেন জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ার শহীদুল ইসলাম। পরে অবশ্য সটকে পড়েন তিনি।
তবে অভিযোগ অস্বীকার করে শহীদুল বলেন, ‘ইলিয়াছ নামের কাউকে আমি চিনি না। ঘটনার দিন তার কাছে আমি যাইনি।’ না চিনলে টাকাসহ ধরা পড়ার পর ইলিয়াছ তাঁকে কেন ফোন করেছিলেন, সে প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেকেই তো ফোন করে।’
ভূমি অধিগ্রহণ অফিসে নীরবতা: জেলা প্রশাসকের ভূমি অধিগ্রহণ শাখায় গতকাল ছিল অনেকটাই নীরবতা। দুপুর থেকে বিকেল পর্যন্ত এ অফিসের বেশির ভাগ কর্মকর্তাকেই চেয়ারে দেখা যায়নি। ঘটনার পর থেকে সবার মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তা বলেন, ঘটনার পর থেকে কেউ কারও সঙ্গে উচ্চ শব্দে কথা বলছেন না।
ইলিয়াছের কাছ থেকে উদ্ধার করা টাকা এই শাখার কর্মকর্তাদের ঘুষ হিসেবে দেওয়ার জন্য যাচ্ছিল—এমন অভিযোগ ওঠার পর বুধবার কানুনগো ও সার্ভেয়ারসহ ১২ জনকে তাৎক্ষণিক বদলি করা হয়েছে।