৫৮ লাখ টাকার রহস্য কাটল না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম আদালত প্রাঙ্গণ থেকে আটক ৫৮ লাখ টাকার উৎস ও গন্তব্য বের করতে পারেনি দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে এ ঘটনায় চট্টগ্রাম জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ার (বর্তমানে বান্দরবানে কর্মরত) মো. শহিদুল ইসলাম ওরফে মুরাদের জড়িত থাকার বিষয়ে নিশ্চিত হয়েছে সংস্থাটি। ওই দিন টাকাসহ আটক ইলিয়াছ ভূঁইয়া এবং শহিদুলের বিরুদ্ধে মামলায় অভিযোগপত্র দাখিলের সুপারিশ করে তদন্ত শেষ করেছে সংস্থাটি।
গত বছরের ১৪ অক্টোবর নিষিদ্ধ ঘোষিত জঙ্গিসংগঠন জামাআতুল মুজাহেদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য পরিচয়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাহী সদস্য মানস কুমার দেকে ফোন করে আদালত ভবন উড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এরপর আদালত এলাকায় নিরাপত্তা জোরদার করে পুলিশ। বেলা ১টা ১০ মিনিটে তল্লাশি চালিয়ে প্রায় ৫৮ লাখ টাকাসহ ধরা পড়ে ইলিয়াছ ভূঁইয়া। এ ঘটনায় পুলিশ ইলিয়াছকে আসামি করে অর্থ পাচার আইনে মামলা করে।
টাকার উৎস ও গন্তব্য জানতে গত বছরের ২৩ নভেম্বর থেকে তদন্ত শুরু করে দুদক। দুদক চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক আবু সাঈদ ও উপসহকারী পরিচালক এইচ এম আখতারুজ্জামানকে যৌথভাবে মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়। সূত্র জানায়, তদন্ত শেষে সাক্ষ্য স্মারক তৈরি করে তা অনুমোদনের জন্য গত সোমবার দুদকের কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হয়েছে।
এই মামলার তদন্ত কর্মকর্তা দুদক চট্টগ্রাম কার্যালয়ের উপসহকারী পরিচালক এইচ এম আখতারুজ্জামান প্রথম আলোকে জানান, ইলিয়াছের নামে কোনো ব্যাংক হিসাব পাওয়া যায়নি। নিজেকে ক্ষুদ্র ব্যবসায়ী দাবি করলেও সেটি কী ধরনের ব্যবসা সে প্রশ্নের উত্তর দিতে পারেননি ইলিয়াছ। তবে এ টাকা তিনি বৈধভাবে পাননি এটি নিশ্চিত।
তদন্ত প্রতিবেদনে বলা হয়, ওই দিন বেলা সাড়ে ১১টা থেকে ১টা ৪ মিনিটের মধ্যে শহিদুল ইসলামের সঙ্গে সাতবার ফোনে কথা হয় ইলিয়াছের এবং দুবার এসএমএস আদান-প্রদান করেন। এর আগের রাতেও দুবার তাদের মধ্যে ফোনালাপ হয়েছে। ইলিয়াছের কাছ থেকে উদ্ধার করা টাকার স্থানান্তর ও হস্তান্তরের সঙ্গে শহিদুলের যোগসূত্র রয়েছে।
দুদক সূত্র জানায়, আসামি ইলিয়াছকে পাঁচ দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে প্রতিবারই এই টাকা তার বলে দাবি করেছে। কিন্তু টাকার উৎস সম্পর্কে সে কোনো কাগজপত্র দেখাতে পারেনি এবং সন্তোষজনক কোনো জবাবও দিতে পারেনি। তবে ধরা পড়ার পর পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইলিয়াছ স্বীকার করেছিল, ভূমি অধিগ্রহণ শাখায় ভূমি-সংক্রান্ত কাজে সহযোগিতা পাওয়ার জন্য শহিদুলকে দেওয়ার জন্য টাকাগুলো এনেছিল। কিন্তু পরে দুদকের জিজ্ঞাসাবাদে বিষয়টি আর স্বীকার করেনি। ইলিয়াছ গত ৭ জানুয়ারি উচ্চ আদালত থেকে জামিন পেয়ে কারাগারের বাইরে আছে।
মামলার তদন্ত কর্মকর্তা এইচ এম আখতারুজ্জামান বলেন, রিমান্ডে ইলিয়াছ দাবি করেছে, বাকলিয়ায় একটি জমি রেজিস্ট্রি করার জন্য টাকাগুলো এনেছিল। তবে বাকলিয়ার কোথায় জায়গা কিনতে চেয়েছিল সে প্রশ্নের সদুত্তর দিতে পারেনি, কোনো প্রমাণও দিতে পারেনি। বন্ধুবান্ধবের কাছ থেকে তার টাকা ধার করার বিষয়টিও বিশ্বাসযোগ্য নয়।
দুদকের কর্মকর্তারা জানান, মামলায় সার্ভেয়ার শহিদুলকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ৫৮ লাখ টাকার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন তিনি। তাঁর দাবি, পূর্বপরিচিত হওয়ায় ইলিয়াছ জমি রেজিস্ট্রিতে সহায়তা চেয়েছিল। এই নিয়ে তাঁদের দুজনের মুঠোফোনে আলাপ হয়েছে। এ বিষয়ে তদন্ত কর্মকর্তারা বলছেন, এতবার মুঠোফোনে কথা বলার বিষয়ে তাঁরা যে উত্তর দিয়েছে সেটি বিশ্বাসযোগ্য নয়। ইলিয়াছের সঙ্গে শহিদুলের ফোনকলের তালিকা পাওয়া গেলেও তদন্ত শুরু করতে দেরি হওয়ায় তাঁদের কথোপকথনের রেকর্ড পাওয়া যায়নি।
দুদক চট্টগ্রামের পরিচালক আবদুল আজিজ ভুঁইয়া বলেন, ইলিয়াছ ও মুরাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের অনুমতি চাওয়া হয়েছে। অনুমতি পাওয়া গেলে বিচারকাজ শুরু হবে।
টাকাসহ ইলিয়াছ ধরা পড়ার পর অভিযোগ ওঠে জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখায় নেওয়া হচ্ছিল এই টাকা। ঘটনার তদন্তে এক সদস্যের কমিটি গঠন করে জেলা প্রশাসন। কমিটি ভূমি অধিগ্রহণ শাখার কারও জড়িত থাকার প্রমাণ পায়নি। তবে এ ঘটনার পর সার্ভেয়ার শহিদুলকে বান্দরবানের সদর উপজেলা ভূমি কার্যালয়ে বদলি করা হয়।