৫৮ লাখ টাকাসহ এক ব্যক্তি আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোমা হামলার খবরে চট্টগ্রাম আদালত ভবনের নিরাপত্তা জোরদার করে তল্লাশি চালাতে গিয়ে ৫৮ লাখ টাকাসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তাঁর নাম ইলিয়াছ (৩২)। বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবায়। গতকাল মঙ্গলবার রাত ১০টায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত এই বিপুল টাকার উৎস নিশ্চিত হতে পারেনি পুলিশ।

গতকাল নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) পরিচয়ে একজন অজ্ঞাতনামা ব্যক্তি মুঠোফোনে চট্টগ্রাম আদালত ভবন বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেন। ফোনটি পান সরকারের একজন কৌঁসুলি। এ ঘটনায় গতকাল সকাল ১০টা থেকে ওই ভবনের নিরাপত্তা জোরদার করে পুলিশ।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) মনজুর মোরশেদ প্রথম আলোকে বলেন, একটি চটের থলে নিয়ে ওই ব্যক্তি ঘোরাঘুরি করছিলেন। এতে পুলিশের সন্দেহ হয়। তাঁর হাতের থলেটি তল্লাশি চালিয়ে ৫৭ লাখ ৯২ হাজার টাকার উদ্ধার করা হয়।

এই বিপুল পরিমাণ টাকা উদ্ধারের ঘটনায় নগরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। টাকাগুলো আদালত ভবনে, বিভাগীয় কমিশনার বা জেলা প্রশাসক কার্যালয়ের কোনো কর্মকর্তাকে ঘুষ দেওয়ার জন্য আনা হয়েছিল কি না, সেই প্রশ্ন উঠেছে।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, একেক সময় একেক রকম তথ্য দেওয়ায় এই টাকার উৎস সম্পর্কে নিশ্চিত হতে পারছে না পুলিশ। তবে ইলিয়াছের কাছে থাকা মুঠোফোনের সর্বশেষ নম্বরটি পাওয়া গেছে।

ওই সূত্র জানায়, ইলিয়াছ পুলিশের হাতে আটক হওয়ার আগে ও পরে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ার শহীদুল ইসলাম মুরাদের মুঠোফোনে কয়েকবার কথা বলেন। এতে ধারণা করা হচ্ছে, এই টাকার সঙ্গে ওই সার্ভেয়ারের সংশ্লিষ্টতা থাকতে পারে। তাঁদের দুজনের বাড়ি কসবায়। ইলিয়াছ আটক হওয়ার পর মুরাদ ঘটনাস্থলে এসেছিলেন এবং তিনি এ বিষয়ে পুলিশের সঙ্গেও কথা বলেন।

গতকাল সন্ধ্যায় মুঠোফোনে যোগাযোগ করা হলে মুরাদ প্রথম আলোকে জানান, তিনি ইলিয়াছ নামে কাউকে চেনেন না।

এদিকে পুলিশের হাতে আটক হওয়ার পর ইলিয়াছ সাংবাদিকদের জানান, তিনি মাছের ব্যবসা করেন। ব্রাহ্মণবাড়িয়া থেকে চট্টগ্রামে এসেছেন গাড়ি কিনতে। আদালত প্রাঙ্গণে আসার কারণ জানতে চাইলে তিনি বলেন, নিরাপত্তার জন্য সেখানে আশ্রয় নিয়েছেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন সেলিম প্রথম আলোকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে টাকাগুলোর উৎস সম্পর্কে ইলিয়াছ যা বলছেন তা বিশ্বাসযোগ্য নয়। তাঁকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে আজ বুধবার। টাকার উৎস জানতে পুলিশ তদন্ত শুরু করেছে বলেও জানান তিনি।

আদালত উড়িয়ে দেওয়ার হুমকি: জেএমবির পরিচয় দিয়ে চট্টগ্রাম আদালত ভবন বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছির গতকাল। এ ঘটনায় সকাল ১০টা থেকে ওই ভবনের নিরাপত্তা জোরদার করে পুলিশ।

নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী প্রথম আলোকে জানান, সকালে চট্টগ্রাম আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) মানস দাশের মুঠোফোনে জঙ্গি পরিচয় দিয়ে একটি এয়ারটেল নম্বর থেকে আদালত ভবন বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হলে আদালতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পাশাপাশি আদালত ভবনের মূল ফটকে তল্লাশি জোরদার করা হয়। হুমকির ঘটনায় পুলিশ বাদী হয়ে নগরের কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) নেজাম উদ্দিন বলেন, হুমকিদাতাকে শনাক্তের চেষ্টা চলছে।

জানতে চাইলে মানস দাশ প্রথম আলোকে বলেন, গতকাল সকাল নয়টা ১৯ মিনিটে তাঁর মুঠোফোনে ফোন করে বলা হয়, ‘আজ চট্টগ্রাম আদালত ভবনে জেএমবি বোমা মেরে উড়িয়ে দিবে।’ এই বিষয়টি থানার পুলিশকে জানাতে বললে মানস দাশকে বলা হয়, ‘থানার নম্বর না থাকায় আপনাকে জানাচ্ছি।’ এই বলে লাইনটি কেটে দেওয়া হয় অপর প্রান্ত থেকে।