৫৮ লাখ টাকাসহ গ্রেপ্তার ইলিয়াছ পাঁচ দিনের রিমান্ডে
চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে ৫৮ লাখ টাকাসহ গ্রেপ্তার ইলিয়াছ ভূঁইয়াকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিকেলে চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম মশিউর রহমান চৌধুরী শুনানি শেষে এ আদেশ দেন।
দুদকের আইনজীবী মেজবাহ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, অর্থ পাচার আইনের মামলায় ইলিয়াছ ভূঁইয়াকে জিজ্ঞাসাবাদ করতে সাত দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রামের উপপরিচালক এইচ এম আখতারুজ্জামান। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে ইলিয়াছের রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করা হলে আদালত তা নাকচ করে দেন।
গত ১৪ অক্টোবর নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) সদস্য পরিচয়ে অজ্ঞাতনামা এক ব্যক্তি মোবাইল ফোনে চট্টগ্রাম আদালত ভবন উড়িয়ে দেওয়ার হুমকি দেন। এতে আদালত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। পরে তল্লাশি চালাতে গিয়ে ৫৭ লাখ টাকাসহ ইলিয়াছ সুরাইয়াকে আটক করে পুলিশ। এই ঘটনায় নগরের কোতোয়ালি থানা পুলিশ ৫৪ ধারায় ইলিয়াছকে গ্রেপ্তার করে। পরে অর্থ পাচার আইনে ইলিয়াছকে আসামি করে মামলা দায়ের করেন কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান।