৫৮ লাখ টাকাসহ গ্রেপ্তার ইলিয়াছের জামিন নামঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে পুলিশি তল্লাশিকালে গত মঙ্গলবার ৫৮ লাখ টাকাসহ গ্রেপ্তার হওয়া ইলিয়াছ ভুঁইয়ার জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ ফরিদ আলম শুনানি শেষে এ আদেশ দেন।

দুদকের আইনজীবী মেজবাহ উদ্দিন প্রথম আলোকে বলেন, ৫৪ ধারায় কারাগারে আটক ইলিয়াছের জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী। কিন্তু রাষ্ট্রপক্ষ থেকে তাঁর জামিনের বিরোধিতা করা হয়। ইলিয়াছের বিরুদ্ধে অর্থপাচার আইনে দায়ের হওয়া মামলার নথি আদালতে উপস্থাপন করা হয়েছে। দুদকের প্রধান কার্যালয় থেকে মামলাটি তদন্তের অনুমোদন পাওয়ার পর তদন্ত কর্মকর্তা নিয়োগ দেবে দুদক। পরে এই মামলায় ইলিয়াছকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হবে।

১৪ অক্টোবর নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য পরিচয়ে অজ্ঞাতনামা এক ব্যক্তি মোবাই​ল ফোনে চট্টগ্রাম আদালত ভবন উড়িয়ে দেওয়ার হুমকি দিলে নিরাপত্তা জোরদার করে পুলিশ। পরে তল্লাশি চালাতে গিয়ে ইলিয়াছ ওই টাকাসহ পুলিশের হাতে আটক হয়।

এ ঘটনায় নগরের কোতোয়ালি থানা পুলিশ ৫৪ ধারায় ইলিয়াছকে গ্রেপ্তার দেখায়। পরে গত রোববার রাতে অর্থপাচার আইনে মামলা করেন কোতোয়ালি থানার এসআই মো. কামরুজ্জামান। এই মামলায় তদন্ত কর্মকর্তা নিয়োগ দিতে গতকাল মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ে চট্টগ্রাম দুদক কার্যালয় থেকে চিঠি পাঠানো হয়েছে।