৫৮ হাজার ভূমিহীন পরিবারকে ৩৬০০০ একর জমি বরাদ্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫৮ হাজার ৫৪৫টি ভূমিহীন পরিবারকে ৩৬ হাজার একর জমি বরাদ্দ দিয়েছে ভূমি মন্ত্রণালয়। ২০১৪ সালের জুন থেকে চলতি বছরের মে পর্যন্ত এসব জমি বন্দোবস্ত দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ তথ্য দিয়েছে মন্ত্রণালয়।

বৈঠকের কার্যপত্র থেকে জানা যায়, ২০০৯ সালের জানুয়ারি থেকে চলতি বছরের জুন পর্যন্ত বেহাত হওয়া ৯ হাজার ৯৪৯ একর সরকারি জমি উদ্ধার করা হয়েছে। এর মধ্যে সর্বাধিক ২ হাজার ৪৭৮ একর জমি উদ্ধার করা হয়েছে খুলনা বিভাগে।

বৈঠক সূত্র জানায়, কমিটির সদস্য এ কে এম মাঈদুল ইসলাম ও মকবুল হোসেন বৈঠকে বলেন, রপ্তানির ক্ষেত্রে বাস্তব জ্ঞানের অভাব থাকায় বাংলাদেশে উৎপাদিত চায়ের মান ‘ডি’ গ্রেডে নেমে গেছে। এ জন্য তাঁরা পঞ্চগড়, সিলেট ও ভারতের দার্জিলিংয়ের চা-বাগান পরিদর্শনের ইচ্ছা প্রকাশ করেন। মন্ত্রণালয় থেকে ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে।
এ আলোচনার পরিপ্রেক্ষিতে চা-বাগানের মালিকেরা চা উৎপাদনের জন্য বাগানের কত অংশ ব্যবহার করছেন এবং কত অংশ অন্য কাজে ব্যবহার করছেন, সে বিষয়ে সরেজমিনের পরিদর্শন করে প্রতিবেদন দেওয়ার জন্য জেলা প্রশাসকদের সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি রেজাউল করিম হীরার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটি সদস্য ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, এ কে এম মাঈদুল ইসলাম, জাহান আরা বেগম ও গাজী আমজাদ হোসেন অংশ নেন।