৫৮টি সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস না দিলে মামলার হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চূড়ান্ত অনুমোদন দেওয়ার তিন বছর পরও গ্যাস-সংযোগ না দেওয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের বিরুদ্ধে ৮০০ কোটি টাকার ক্ষতিপূরণ মামলার হুমকি দিয়েছে সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভারশন ওয়ার্কশপ মালিক সমিতি। গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে সমিতির নেতারা এ হুমকি দেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, সরকারের ঘোষণা অনুযায়ী গ্যাসের উৎপাদন দৈনিক ২২০ কোটি ঘনফুট অতিক্রম করলেও ৫৮টি অনুমোদিত সিএনজি ফিলিং স্টেশনকে গ্যাস-সংযোগ দেওয়া হচ্ছে না। ফলে কোটি কোটি টাকা বিনিয়োগ করে মালিকেরা নিঃস্ব হওয়ার পথে। গ্যাস-সংযোগ নেই, অথচ ব্যাংকঋণের সুদ দিতে হচ্ছে। ব্যবহার না হওয়ায় শত শত কোটি টাকার যন্ত্রপাতি নষ্ট হচ্ছে। ব্যাংকের কাছে গচ্ছিত মালিকদের সম্পত্তি নিলামে ওঠার উপক্রম হয়েছে। সমিতির নেতারা বলেন, ৩০ জানুয়ারির মধ্যে সরকার গ্যাস-সংযোগ না দিলে ক্ষতিপূরণ মামলা এবং একই সঙ্গে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে। সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি জাকির হোসেন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।