৫৮৬ ভরি স্বর্ণ চুরি
সিলেট নগরের জিন্দাবাজার এলাকার একটি স্বর্ণের দোকান থেকে গত বৃহস্পতিবার রাতে প্রায় ৫৮৬ ভরি স্বর্ণ ও স্বর্ণালংকার চুরি হয়েছে। চোরেরা পাশের দোকানের তালা ভেঙে ভেতরে ঢোকে। পরে ওই দোকানের দেয়াল কেটে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের স্বর্ণ চুরি করে নিয়ে যায়।দোকানের মালিক ও পুলিশ সূত্র জানায়, হাজারি বিল্ডিংয়ের নিচতলায় স্বর্ণা জুয়েলার্সের পাশে মুন শুজ নামে জুতার একটি দোকান আছে। চোরেরা ওই দোকানের তালা ভেঙে ভেতরে ঢোকে। এরপর ওই দোকানের ভেতরের দেয়াল কেটে স্বর্ণের দোকানে ঢোকে।স্বর্ণা জুয়েলার্সের মালিক চন্দন দেব জানান, গতকাল শুক্রবার সকালে দোকান খুলেই তিনি চুরির ঘটনা বুঝতে পারেন। এরপর পুলিশে খবর দেন।চন্দন দেব আরও জানান, ১ মে তিনি হিসাব মিলিয়ে ৫৫৭ ভরি স্বর্ণ দোকানের লকারে রাখেন। এ ছাড়া দোকানের শোকেসে ছিল আরও ২৯ ভরি স্বর্ণের গয়না। চোরেরা লকার ও শোকেসের তালা ভেঙে সব নিয়ে গেছে।কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা জানান, চুরির ঘটনায় দোকানের মালিক একটি মামলা করেছেন। জিজ্ঞাসাবাদের জন্য পাশের দোকান মুন শুজের কর্মচারী আলী হোসেনকে আটক করা হয়েছে।