৫৯% মানুষের মতে দেশ ভুল পথে যাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ভোটারদের ৫৯ শতাংশ মনে করেন দেশ ভুল পথে যাচ্ছে। এর জন্য রাজনৈতিক অস্থিতিশীলতাকে প্রধান কারণ মনে করেন ৮৬ শতাংশ মানুষ।
ওয়াশিংটনভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) এক জনমত জরিপে এ মত উঠে এসেছে।
এই জরিপের তথ্য অনুযায়ী, ভোটারদের ৬২ শতাংশ মনে করেন, সব দল অংশ না নেওয়ায় নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়েছে। ৫ জানুয়ারির নির্বাচন বয়কটের বিরোধিতা করেছেন ৫২ শতাংশ। আবার আগামী নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকারের পুনর্বহালের পক্ষে মত দিয়েছেন ৭৭ শতাংশ মানুষ।
আইআরআই গত ১২ থেকে ২৭ জানুয়ারি দেশের সাত বিভাগের ৬৪ জেলায় জরিপটি চালায়। জরিপে অংশ নেয় ১৮ থেকে ৬০ বছর পেরোনো দুই হাজার ৫৫০ জন ভোটার। আইআরআই গত সোমবার জরিপের ফল প্রকাশ করেছে।
যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএইড) ও যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউকেএইড) অর্থায়নে জরিপটি চালানো হয়। জরিপে পরামর্শক হিসেবে কাজ করেছে গ্লোবাল স্ট্র্যাটেজিক পার্টনার্স।
জরিপে অংশ নেওয়া লোকজনের ৬৮ শতাংশ রাজনৈতিক অস্থিতিশীলতাকে, ৪১ শতাংশ হরতালকে ও ৩৬ শতাংশ দুর্নীতিকে দেশের প্রধান সমস্যা বলে মনে করেন। এঁদের মধ্যে ৫৯ শতাংশ মানুষ মনে করেন, দেশ ভুল পথে চলছে। আর দেশ ভুল পথে চলার জন্য রাজনৈতিক অস্থিতিশীলতাকে কারণ হিসেবে উল্লেখ করেন ৮৬ শতাংশ মানুষ।
দেশ সঠিক পথেই আছে—এমন মতের পক্ষে ভোট দিয়েছেন ৩৫ শতাংশ মানুষ। এমন মতকে সমর্থনকারীদের ৭৩ শতাংশ এ জন্য শিক্ষার উন্নতমানকে কারণ হিসেবে উল্লেখ করেছেন।
জরিপে অংশ নেওয়া লোকজন আগামী দিনে দেশের অর্থনীতি ও সহিংসতামূলক পরিস্থিতি নিয়ে তাঁদের হতাশার কথা জানান। আগামী দিনগুলোতে দেশের অর্থনীতি খারাপ হবে এমনটা মনে করেন ৬০ শতাংশ মানুষ। আবার ৩৫ শতাংশ মানুষ মনে করেন, দেশের অর্থনৈতিক পরিস্থিতি তুলনামূলকভাবে ভালো হবে।
ভবিষ্যতে সহিংস পরিস্থিতির আরও অবনতি হবে বলে মনে করেন ৭১ শতাংশ মানুষ। তবে ২৬ শতাংশ মনে করেন পরিস্থিতির উন্নতি হবে।
গত ৫ জানুয়ারির নির্বাচনে সব দল অংশ না নেওয়ায় এর গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়েছে কি না—জানতে চাইলে ৬২ শতাংশ মানুষ মত দিয়েছেন, ফলাফল প্রশ্নবিদ্ধ হয়েছে। ৩৮ শতাংশ মনে করেন, দশম জাতীয় সংসদ নির্বাচনের ফল প্রশ্নবিদ্ধ হয়নি।
জরিপে অংশ নেওয়া লোকজনের ৫২ শতাংশই জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোর ৫ জানুয়ারির নির্বাচন বয়কটকে তাঁরা সমর্থন করেন না। আবার ৪০ শতাংশ মানুষ জানান, নির্বাচন বয়কটের সিদ্ধান্তকে তাঁরা সমর্থন করেন।
জরিপে অংশ নেওয়া লোকজনের ৫৭ শতাংশ মনে করেন বর্তমান সরকারের তিন থেকে ছয় মাস ক্ষমতায় থাকা উচিত। তবে ৩৪ শতাংশ মত দিয়েছেন বর্তমান সরকারের পূর্ণ পাঁচ বছর মেয়াদে ক্ষমতায় থাকা উচিত।
আগামী নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকার-পদ্ধতি বহাল করার পক্ষে মত দিয়েছেন ৭৭ শতাংশ মানুষ। আর ১৮ শতাংশ মনে করেন তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন নেই।