৫৯ উপজেলা বন্যাকবলিত : ত্রাণমন্ত্রী
দেশের ১৬টি জেলার ৫৯টি উপজেলা বন্যাকবলিত হয়ে পড়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও পুনর্বাসনমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। শনিবার সকালে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, প্রায় চার লাখ পরিবারের ১৫ লাখ মানুষ বন্যার কারণে দুর্ভোগে পড়েছে। তবে এ দুর্যোগ মোকাবিলায় বন্যাকবলিত এলাকায় ৬৯টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে প্রায় সাত হাজার মানুষ আশ্রয় নিয়েছে।
মন্ত্রী বলেন, ত্রাণ মন্ত্রণালয় থেকে এরই মধ্যে বন্যাকবলিত এলাকায় ৩৫০টি চিকিৎসক দল পাঠানো হয়েছে। এ ছাড়া বানভাসি মানুষের মধ্যে ১৩ হাজার টন চাল ও ৫৫০ কোটি টাকা বিতরণ করা হয়েছে। কোনো জেলায় যদি আরও বেশি সাহায্য লাগে, তবে মন্ত্রণালয় তা সরবরাহ করতে প্রস্তুত আছে বলেও জানান তিনি।
ত্রাণ বিতরণ কার্যক্রম যাতে সুচারুভাবে সম্পন্ন হয়, সে জন্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিবদের সমন্বয়ে আরও কয়েকটি পর্যবেক্ষক দল গঠন করা হয়েছে। পাশাপাশি বন্যাদুর্গত ব্যক্তিদের সাহায্যে দেশের সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও সমাজের বিত্তশালী ব্যক্তিদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মন্ত্রী।