
রোগী এবং তাঁদের সঙ্গে আসা লোকজনে ঠাসা ওয়ার্ড। পা ফেলার জায়গা নেই। শয্যা, মেঝে, বারান্দা যে যেখানে পেরেছেন রোগীদের রেখেছেন। নার্সকক্ষে শিশুদের নিয়ে স্বজনদের সারি। নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের নেবুলাইজারে গ্যাস দিতে হবে। তাদের সামাল দিতে হিমশিম খাচ্ছেন দুই নার্স। এর মধ্যে এক নার্সের ডাক পড়েছে ওটিতে (অস্ত্রোপচার কক্ষ)। তিনি চলে যাওয়ার পর সব চাপ পড়েছে অন্য নার্সের ওপর।
সুনামগঞ্জ সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে গিয়ে গত সোমবার বেলা একটার দিকে এ চিত্র দেখা গেছে। এখানে থাকা নার্স বলেন, ‘ওয়ার্ডে শয্যা আছে ২৫টি, আজ (সোমবার) রোগী ভর্তি হয়েছেন ৮০ জন। এত রোগী এবং তাঁদের সঙ্গে আসা লোকদের একা কীভাবে সামাল দেব। তবুও যথাসাধ্য চেষ্টা করছি। আমাদের লোক কম। কিন্তু মানুষ তো আর এটা বুঝবে না।’
সদর হাসপাতালে বেলা একটা থেকে দুইটা পর্যন্ত থেকে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, এখানে লোকবলসংকটই এখন বড় সমস্যা। প্রয়োজনীয় চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীর অভাবে সন্তোষজনক সেবা দেওয়া যাচ্ছে না।
বিষয়টি স্বীকার করে সুনামগঞ্জের সিভিল সার্জন আবদুল হাকিম প্রথম আলোকে বলেন, ‘এখানে চিকিৎসক ৫৯ জনের মধ্যে ১৮ জন এবং নার্স ২২৩ জনের মধ্যে মাত্র ২৪ জন আছেন। আমাদের চেষ্টা, আন্তরিকতার কোনো কমতি নেই। তারপরও বলব, প্রয়োজনীয় লোকবলের অভাবে আমরা মানুষকে সন্তোষজনক সেবা দিতে পারছি না।’
হাসপাতালের প্রশাসন বিভাগ সূত্রে জানা গেছে, ২৫০ শয্যার এই হাসপাতালে বর্তমানে ১০০ শয্যার লোকবলও নেই। বর্তমানে হাসপাতালে প্রতিদিন দুই শতাধিক রোগী ভর্তি থাকেন। বহির্বিভাগে চিকিৎসা নিতে আসেন আরও পাঁচ শতাধিক।
হাসপাতালে বর্তমানে চিকিৎসকের ৫৯ পদের মধ্যে ৪১টিই শূন্য। বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ চিকিৎসকের ১২টি পদের বিপরীতের আছেন মাত্র তিনজন। এ ছাড়া সহকারী পরিচালক; নাক, কান ও গলার চিকিৎসকের দুটি; অবেদনবিদের দুটি; অর্থোপেডিক, চর্ম ও যৌন, আবাসিক সার্জন, আবাসিক ফিজিশিয়ান, সহকারী সার্জনের তিনটি; প্যাথলজিস্ট, রেডিওলজিস্ট, ডেন্টাল সার্জন, আয়ুর্বেদিক মেডিকেল অফিসারের পদ শূন্য রয়েছে।
হাসপাতালে কর্মকর্তা-কর্মচারীদের পদ আছে ২৯৩টি। এর মধ্যে কর্মরত আছেন মাত্র ৬৩ জন। বাকি ২৩০টি পদই শূন্য। নার্স থাকার কথা ২২৩ জন, আছেন মাত্র ২৪ জন। নার্সিং অ্যাটেনডেন্টের তিনটি পদ শূন্য। হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক, উপসেবা তত্ত্বাবধায়ক, প্রশাসনিক কর্মকর্তা নেই।
লোকবলসংকটের কারণে দুর্ভোগ পোহাচ্ছেন রোগীরা। এ বিষয়ে সদর উপজেলার সদরগড় গ্রামের মিনারা বেগম জানান, তিন দিন আগে নিউমোনিয়ায় আক্রান্ত ছেলেকে নিয়ে হাসপাতালে এসেছেন। চিকিৎসক বলেছেন দিনে তিনবার নেবুলাইজারে গ্যাস দিতে। কিন্তু মানুষের চাপে সকালে গ্যাস দিতে পারেননি। সদর উপজেলার ইসলামপুর গ্রামের আইয়ুব আলী বলেন, ‘সকালে ডাক্তারে কইয়া গেছইন দুপুরে আমার ইনজেকশন দিত অইব। আধা ঘণ্টা ধরি ডাকরাম, হাসপাতালের কেউরে খুঁইজা পায়রাম না।’ বহির্বিভাগে এক চিকিৎসকের কক্ষের সামনে দাঁড়িয়ে ছিলেন পৌর শহরের হাসনগর এলাকার বাসিন্দা সাজিদুর রহমান। তিনি জানালেন, তাঁরা ঘণ্টা খানেক হয় চিকিৎসকের অপেক্ষায় আছেন। ওই চিকিৎসক নাকি দোতলার একটি ওয়ার্ডে রোগী দেখতে গেছেন। সেখানে রোগী দেখার পরই বহির্বিভাগে বসবেন।
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, হাসপাতালের আটতলা একটি নতুন ভবনের কাজ প্রায় শেষ। সেটি চালু হলে শয্যার কোনো সংকট থাকবে না। লোকবলসংকটের বিষয়টি প্রতি মাসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়।