অবশেষে কক্সবাজারের মহেশখালী উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে আওয়ামী লীগের নেতা ও কালারমারছড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহামঞ্চদ ওচমান গণি হত্যার ঘটনায় আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। গত বৃহস্পতিবার মামলার তদন্তকারী কর্মকর্তা ও মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহামঞ্চদ হাবিবুর রহমান স্থানীয় কালারমারছড়া ইউপি চেয়ারম্যান মির কাসেম চৌধুরীকে প্রধান আসামি করে ৫৯ জনের বিরুদ্ধে মহেশখালীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্রটি দাখিল করেন। আদালতে দাখিল করা অভিযোগপত্র সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ছয় সন্ত্রাসীর সঙ্গে সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহামঞ্চদ ওচমান গণির বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে গত বছরের ২৯ মার্চ রাতেই সন্ত্রাসীরা গুলি করে সাবেক ইউপি চেয়ারম্যান ওচমানকে হত্যা করে। পরে ওচমানের ছেলে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী এইচ এম আল নোমান শরীফ বাদী হয়ে ৬৩ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। মামলার বাদী আইনজীবী এইচ এম আল নোমান শরীফ বলেন, ‘আসামিরা উচ্চ আদালত থেকে জামিনে বেরিয়ে এসে আমাকে ও আমার ভাই তারেককে হত্যা করার জন্য নানাভাবে পরিকল্পনা করে আসছে।’ অভিযুক্ত প্রধান আসামি স্থানীয় কালারমারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির কাসেম চৌধুরী বলেন, ‘একের পর এক মিথ্যা মামলা দিয়ে আমাকে এবং আমার পরিবারের অন্য সদস্যদের রাজনৈতিকভাবে হয়রানি করা হচ্ছে।’ স্থানীয় কালারমারছড়া পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপপরিদর্শক মোহামঞ্চদ শাহ নেওয়াজ বলেন, ইতিমধ্যে এ হত্যা মামলার ২২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।