৫৯ ভাগ মৃত্যুর কারণ অসংক্রামক রোগ

বাংলাদেশে ৫৯ ভাগ মৃত্যুর কারণ অসংক্রামক রোগ। এর মধ্যে হৃদ্রোগে ১৭ ভাগ, ফুসফুসের রোগে ১১ ভাগ, ক্যানসারে ১০ ভাগ, ডায়াবেটিসে ৩ ভাগ এবং অন্যান্য অসংক্রামক রোগে মারা যায় ১৮ ভাগ মানুষ।
বিশ্বস্বাস্থ্য সংস্থার ২০১৪ সালের এক জরিপের বরাত দিয়ে বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির সভাপতি এ কে এম মহিবুল্লাহ আজ মঙ্গলবার এক গোলটেবিল আলোচনায় এ তথ্য দেন। প্রথম আলো ও বাংলাদেশ নেটওয়ার্ক ফর এনডিসি কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (বিএনএনসিপি) আয়োজনে কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে ‘অসংক্রামক ব্যাধি: পরিস্থিতি, প্রতিকার ও করণীয়’ শীর্ষক এই গোলটেবিলের আয়োজন করে।
বিএনএনসিপির মহাসচিব এ কে এম মহিবুল্লাহ বলেন, এখন সারা বিশ্বে অসংক্রামক রোগ একটা ঘাতক ব্যাধি আকারে চিহ্নিত হয়েছে। বিশ্বে প্রতি তিনটি মৃত্যুর মধ্যে দুটি মৃত্যু ঘটে অসংক্রামক রোগের কারণে। আর এসব মৃত্যুর অর্ধেকই হলো অকালমৃত্যু।
গোলটেবিল বৈঠকে জানানো হয়, যেসব রোগ দীর্ঘস্থায়ী ও ক্রমবর্ধমান এবং সংক্রমণের ফলে ছড়ায় না, সেগুলোকে অসংক্রামক রোগ বলা হয়। এগুলো হলো হৃদ্রোগ, ডায়বেটিস, ক্যানসার, দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগ, স্নায়ুরোগ, হরমোনের জটিলতা, কিডনি জটিলতা। এমনকি আঘাতজনিত অঙ্গবিকৃতিকেও অসংক্রামক ব্যাধি হিসেবে চিহ্নিত করা যায়।
জাতীয় অধ্যাপক ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সভাপতি আবদুল মালিক বলেন, অসংক্রামক রোগগুলোকে পুরোপুরি নির্মূল করা যায় না। তবে এগুলো যেসব উপাদানের কারণে হয়, তা যথাযথভাবে মানা গেলে সেগুলো প্রতিরোধযোগ্য। ধূমপান পরিহার করা, স্বাস্থ্যকর খাদ্য, ভেজাল খাদ্য পরিহার, পরিবেশগত দূষণ রোধ, শারীরিক স্থূলতা এবং কায়িক পরিশ্রম না করার কারণে অসংক্রামক রোগগুলো হয়ে থাকে। জনগণকে এসব রোগের উপাদানগুলো থেকে সচেতন করতে হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ বলেন, সারা বিশ্বে ৬৮ ভাগ লোক মারা যায় অসংক্রামক রোগের কারণে। নিম্ন ও মাঝারি আয়ের দেশগুলোতে আর্থসামাজিক উন্নয়ন, পরিবেশগত পরিবর্তন এবং শিক্ষার বিকাশের কারণে সংক্রামক রোগ যেমন পেটের পীড়া, উদরাময়, প্রসবজনিত মাতৃমৃত্যুর হার কমে যাচ্ছে। তবে অসংক্রামক রোগ বেড়ে যাচ্ছে।
এপিডেমিওলজি অ্যান্ড রিসার্চ, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের বিভাগীয় প্রধান সোহেল রেজা চৌধুরী বলেন, বাংলাদেশে চার কোটি মানুষ দিনে কোনো না কোনোভাবে তামাক গ্রহণ করছে। সিগারেট কোম্পানিগুলোর একটা বড় লবি এখানে কাজ করছে। সেগুলো বন্ধ করা দরকার।
বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির সভাপতি এম আমজাদ হোসেন, অসংক্রামক ব্যাধির মতো প্রতিদিন সড়ক দুর্ঘটনায় অন্তত ১০ জন মানুষ মারা যাচ্ছে, যাদের বয়স ১৫-৪০-এর মধ্যে। তারেক মাসুদ ও মিশুক মুনির মারা গিয়ে বুঝিয়ে দিয়েছেন দেশের রাস্তা-ঘাটের কী পরিস্থিতি।
গোলটেবিল বৈঠকে আরও বক্তব্য দেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতি এবং এন্ডোক্রাইন সোসাইটি অব বাংলাদেশের সভাপতি এ কে আজাদ, কমিউনিটি বেসড হেলথ কেয়ারের চিফ কো-অর্ডিনেটর মাখদুমা নার্গিস, কিডনি ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি হারুন-অর-রশীদ, বাংলাদেশ ক্যানসার সোসাইটির সভাপতি মোল্লা ওবায়দুল্লাহ বাকী, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের মহাসচিব খন্দকার আবদুল আউয়াল রিজভী, বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির মহাসচিব আবদুল্লাহ আল শাফী মজুমদার, স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর নন এনসিডি কনট্রোল ফারুক আহমেদ ভুইয়া, এন্ডোক্রাইন সোসাইটি অব বাংলাদেশের অনারারি সভাপতি হাজেরা মাহতাব, ইউনাইটেড হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রহমান খান, ল্যাবএইড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এম এ শামীম, টেলিনর হেলথ চিফ এক্সিকিউটিভ অফিসার মো. সাজিদ রহমান, টেলিনর ডিজিটাল এসএর মেডিকেল ডিরেক্টর ফ্রেড হার্শ প্রমুখ।