৫৯ লাখ টাকার কাজ পেতে আ.লীগ নেতাদের সমঝোতা
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ৫৯ লাখ টাকার একটি কাজ ভাগবাটোয়ারা করে নেওয়া হয়েছে। আওয়ামী লীগের কয়েকজন স্থানীয় নেতা অন্য ঠিকাদারদের দরপত্র কিনতে এবং জমা দিতে না দিয়ে ওই কাজটি নিয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।সংশ্লিষ্ট কার্যালয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়ন কমপ্লেক্স ভবন নির্মাণের জন্য এলজিইডি দরপত্র আহ্বান করে। গত বুধবার দরপত্র বিক্রির শেষ দিন ছিল। ওই দিন ২০টি দরপত্র বিক্রি হয়। গত বৃহস্পতিবার দরপত্র দাখিলের শেষ দিন ছিল। যে কয়েকজন ঠিকাদার দরপত্র কিনেছিলেন, তাঁরাও চাপের মুখে তা জমা দিতে পারেননি। ২০টি দরপত্র বিক্রি হলেও সমাঝোতার মাধ্যমে শেষ দিন ছয়টি দাখিল করা হয়।নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ঠিকাদার অভিযোগ করেন, আওয়ামী লীগ নেতারা এলজিইডির রায়পুর কার্যালয় থেকে তাঁদের দরপত্র কিনতে দেননি। কয়েকজন ঠিকাদার এলজিইডি লক্ষ্মীপুর কার্যালয় থেকে কিছু দরপত্র কিনলেও তাঁরা তা দাখিল করতে পারেননি। নাম প্রকাশে অনিচ্ছুক এক ঠিকাদার অভিযোগ করেন, একটি কাজের জন্য কমপক্ষে তিনটি দরপত্র জমা দেওয়ার নিয়ম রয়েছে। কিন্তু এবার টেন্ডার নিয়ন্ত্রণকারী আওয়ামী লীগের নেতারা কৌশল অবলম্বন করে ছয়টি দরপত্র দাখিল করেন। ছয়টি দরপত্রের মধ্যে বাছাইয়ের মাধ্যমে রশিদ অ্যান্ড ব্রাদার্সের নামে কাজটি নেওয়া হতে পারে। উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মামুনুর রশিদ এ প্রতিষ্ঠানটির মালিক। এ জন্য তিনি দলের অন্যান্য প্রভাবশালী নেতাকে ৫৯ লাখ টাকার ১৫ শতাংশ অর্থাৎ আট লাখ ৮৫ হাজার টাকা দেবেন। এ টাকা প্রভাবশালী নেতারা ভাগবাটোয়ারা করে নেবেন।ঠিকাদারেরা জানান, গত চারদলীয় জোট সরকার আমলেও রায়পুরের বিভিন্ন দপ্তরের টেন্ডারের কাজ ভাগবাটোয়ারা করা হতো। দলীয় নেতা-কর্মীরা কাজ নিতেন। প্রকৃত ঠিকাদারেরা দরপত্র কিনলেও দাখিল করতে পারতেন না। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে টেন্ডারবাজি থাকবে না দেখে তাঁরা আশার আলো দেখেন। কিন্তু ক্ষমতায় আসার পর স্থানীয় আওয়ামী লীগের নেতারা টেন্ডারবাজি শুরু করেছেন। এতে প্রকৃত ঠিকাদারেরা কাজ থেকে বঞ্চিত হচ্ছেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাঈল খোকন বলেন, ‘কাজটি মামুন ভাইকে দেওয়া হয়েছে। তিনি (মামুন ভাই) এ জন্য তাঁদের মোট টাকার ১৫ শতাংশ দেবেন।’ উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি অধ্যক্ষ মামুনুর রশিদ বলেন, ‘কাজটি আমি নিয়েছি। তবে দরপত্র কিনতে বা জমা দিতে কাউকে কোনো বাধা দেওয়া হয়নি। নিয়মতান্ত্রিকভাবে দরপত্র জমা হয়েছে।’উপজেলা প্রকৌশলী নজরুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘ভাগবাটোয়ারা হয়েছে কি না, সেটা আমার জানার বিষয় নয়। আমার অফিসে দরপত্র বিক্রি হয়েছে এবং নিয়ম মাফিক জমাও হয়েছে।’