৫৯টি নলকূপ অকেজো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরে ৫৯টি সরকারি ও রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের নলকূপ অকেজো হয়ে পড়ে আছে। চৈত্রের ভরদুপুরে খুদে শিক্ষার্থীরা পানি পান ও শৌচাগার ব্যবহার করতে গিয়ে বিপাকে পড়ছে। ওই সব প্রতিষ্ঠানের প্রধানদের দাবি, আগে ওই সব নলকূপ শিক্ষকদের বেতনের টাকায় অনেকবার মেরামত করা হয়েছে। কিন্তু শিক্ষকদের এর বিপরীতে সরকারের পক্ষ থেকে কোনো টাকা দেওয়া হয়নি।উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার ৭১টি সরকারি ও ৬৯টি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় রয়েছে। শিক্ষা কার্যালয়ের জরিপ অনুযায়ী, উপজেলার ৫৯টি বিদ্যালয়ের নলকূপ দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে আছে। এর মধ্যে ৪৮টি বিদ্যালয়ের নলকূপ মেরামতের অযোগ্য হয়ে পড়েছে। বাকি ১১টি বিদ্যালয়ের নলকূপ মেরামত করা যাবে। তবে টাকা বেশি লাগে বলে বিদ্যালয় কর্তৃপক্ষ তা করাচ্ছে না।উপজেলার কালিয়া ইউনিয়নের আড়াইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, পঞ্চম শ্রেণীর ছাত্র রাসেলের নেতৃত্বে আরও পাঁচ ছাত্র বিদ্যালয়ের পাশের বাড়িতে পানির জন্য গেছে। তাদের মধ্যে নাহিদ নামের এক ছাত্র অভিযোগ করে বলে, পানির জন্য গেলে বাড়ির লোকেরা বিরক্ত হয়।প্রধান শিক্ষক রেজাউল ইসলাম বলেন, ‘আমার বিদ্যালয়ের নলকূপটি মাঝেমধ্যেই সারাই করতে হয়। বছরের বেশির ভাগ সময় অকেজো থাকে।’ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবদুস সাত্তার বলেন, ‘বিদ্যালয়ে নিজস্ব নলকূপ না থাকলে পর্যাপ্ত পানির অভাবে শৌচাগার নোংরা থাকে। আমি চাই খুদে শিক্ষার্থীদের স্বার্থে সরকার বিষয়টি বিশেষভাবে বিবেচনা করবে।’ উপজেলা শিক্ষা কর্মকর্তা কাজী হালিমা বলেন, ‘অকেজো নলকূপের তালিকা সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে এ নলকূপ মেরামতের ব্যবস্থা করা হবে।’