প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ি শিক্ষা সমাপনীর প্রথম পরীক্ষায় গতকাল রোববার চুয়াডাঙ্গায় ৫৯৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এদের মধ্যে ছাত্রের সংখ্যা বেশি। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এই ঘটনাকে অস্বাভাবিক ও হতাশাজনক বলেছেন।
জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছর প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষার জন্য ৯ হাজার ৩০৪ জন ছাত্র ও ১১ হাজার ৩৫ ছাত্রী নিবন্ধন করে। গতকাল প্রথম দিন ইংরেজি পরীক্ষায় ৩৪৫ জন অংশ নেয়নি। এর মধ্যে ২০৩ জন ছাত্র ও ১৪২ জন ছাত্রী ছিল। পরীক্ষায় অনুপস্থিতির হার ১ দশমিক ৭০ শতাংশ। অপরদিকে ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় ৯০৭ জন ছাত্র এবং ৮৫৯ জন ছাত্রী নিবন্ধন করে। গতকালের পরীক্ষায় ১৭৫ জন ছাত্র ও ৭৫ জন ছাত্রী অনুপস্থিত ছিল। ইবতেদায়ি পরীক্ষায় অনুপস্থিতির হার ১৪ দশমিক ১৬ শতাংশ।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রমেন্দ্রনাথ পোদ্দার অনুপস্থিতির এই ঘটনাকে অস্বাভাবিক ও হতাশাজনক বলে জানান, কোন কোন বিদ্যালয় ও মাদ্রাসার পরীক্ষার্থীরা অনুপস্থিত থেকেছে সেগুলো চিহ্নিত করা হবে।